প্রসঙ্গ গ্রামীণ ব্যাংক বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে না যুক্তরাষ্ট্র :ব্লেইক
ইউএসএনিউজ ডেস্ক: গ্রামীণ ব্যাংকের এক সভায় নেয়া সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা রবার্ট ব্লেক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ কোন ব্যাপারে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে না। দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক বলেছেন, আমরা তাদের অভ্যন্তরীণ বিষয়ে খুব একটা হস্তক্ষেপ করছি সেটা আমি বলতে চাই না। তিনি বলেন, আমরা বলেছি গ্রামীণ ব্যাংকের অখণ্ডতা, স্বাধীনতা এবং কার্যকারিতা বজায় রাখতে উদ্ভূত পরিস্থিতির একটি সিদ্ধান্তে আমরা সমর্থন দিয়েছি। কিন্তু এমন পরিস্থিতিতে তাদের কি করা উচিত সে ব্যাপারে আমরা কোন নির্দেশ দেয়ার চেষ্টা করিনি। এ সমস্যা সমাধানের পুরো বিষয়টিই বাংলাদেশ সরকার এবং গ্রামীণ ব্যাংকের ওপর নির্ভর করে। আর এ ক্ষেত্রে আমরা আশা করি তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দু’পক্ষের জন্যই গ্রহণযোগ্যভাবে বিষয়টি সুরাহা করবেন। ব্লেক বলেন, বাংলাদেশের দরিদ্র জনগণকে সহযোগিতার লক্ষ্যে কাজ করার জন্য নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। আমি মনে করি গ্রামীণ ব্যাংক ও ব্র্যাক-এর মতো এনজিও’র আসলেই বিশ্বব্যাপী যথেষ্ট প্রভাব রয়েছে। আর এদের কার্যক্রম বাংলাদেশের জন্য যথেষ্ট সুনাম বয়ে এনেছে। প্রেসিডেন্ট ওবামা ২০০৯ সালে মুহাম্মদ ইউনূসকে মেডেল অব ফ্রিডমে ভূষিত করেছেন। মার্কিন কংগ্রেসও তাকে ২০১০ সালে কংগ্রেসনাল স্বর্ণপদক দেয়ার পক্ষে ভোট দিয়েছে। তাই যুক্তরাষ্ট্রে তিনি অনেক সম্মানের অধিকারী। ইউনূসকে নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে কংগ্রেসের অনেক সদস্য এবং অন্য বন্ধুরাও যথেষ্ট উদ্বিগ্ন বলে আমরা জানতে পেরেছি। আমরাও একইভাবে উদ্বিগ্ন। আর এ কারণেই আমরা এতে সম্পৃক্ত হয়েছি বলে আমি মনে করি। এ ইস্যু নিয়ে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ উল্লেখ করে ব্লেক বলেন, আমাদের সরকারের সব পর্যায় থেকে বাংলাদেশের বন্ধুদের সঙ্গে অনেক আলাপ-আলোচনার পরেও পরিস্থিতির অবনতি ঘটেছে বলে আমি মনে করি। বিশেষ করে অতিসমপ্রতি গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ইউনূসকে সরিয়ে দেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তাতে আমরা উদ্বিগ্ন। তার এ বক্তব্যের বিস্তারিত বিবরণ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টও প্রকাশ করেছে। ব্লেক বলেছেন, বাংলাদেশ একটি মধ্যপন্থি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ এবং সেখানে প্রতিষ্ঠিত সুশীল সমাজ রয়েছে। এছাড়া বাংলাদেশের রয়েছে ধর্মীয় ও জাতিগত সহনশীলতার ইতিহাস। প্রেসিডেন্ট বারাক ওবামার গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশ হিসেবে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক স্বাস্থ্য এবং সন্ত্রাসবিরোধী তৎপরতার মতো অনেক ক্ষেত্রেই তারা আমাদের অংশীদার হয়ে কাজ করছে। দারিদ্র্য দূরীকরণ ও ধনী গরিবের সমতা আনয়নের ক্ষেত্রেও তারা গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছে। ব্লেক বলেন, বাংলাদেশ এমন একটি দেশ যা অনেক ভাল কাজের সঙ্গে জড়িত ও ভালভাবেই সেগুলো সম্পাদন করছে। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে তাদের নেয়া বেশ কিছু পদক্ষেপ ঠিক হয়নি। তবে একজন বন্ধু হিসেবে আমরা মনে করি বিষয়টি যাতে ভালভাবে সমাধান হয় সে ব্যাপারে আমাদের আগ্রহ প্রকাশ করা উচিত।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








