বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্টনারশিপ ডায়ালগ ২৮শে অক্টোবর
কাউসার মুমিন : আগামী ২৮-২৯শে অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ তৃতীয় অংশীদারি সংলাপ’ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মুখপাত্র পদে নতুন দায়িত্ব পাওয়া প্রেস অফিসার রায়ান নর্টন গতকাল এ প্রতিনিধির সঙ্গে টেলিফোন আলোচনায় বিষয়টি নিশ্চিত করেন। মুখপাত্র রায়ান বলেন, এ বিষয়ে সর্বশেষ হালনাগাদ মোতাবেক আগামী ২৮-২৯শে অক্টোবর ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে তৃতীয় অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হবে।
এদিকে দিনের প্রথম ভাগে ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করা হলে দূতাবাসের ডেপুটি চিফ অব দ্য মিশন মোহাম্মদ আবদুল মুহিত বলেন, এ বিষয়ে সম্ভাব্য দু’টি তারিখ ২৮-২৯শে অক্টোবর অথবা ২৯-৩০শে অক্টোবর নিয়ে স্টেট ডিপার্টমেন্ট-এর সঙ্গে আলোচনা চলছে, তবে সংলাপের নির্দিষ্ট দিন এখনও নিশ্চিত হয়নি। পরে গতকাল বেলা অপরাহ্ণে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আগামী ২৮-২৯শে অক্টোবর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে এর আগে গত ১৯-২০শে সেপ্টেম্বর ২০১২ ওয়াশিংটন ডিসিতে প্রথম এবং ২৬-২৭শে মে ২০১৩ ঢাকায় দ্বিতীয় অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হয়। বার্ষিক এ সংলাপের আওতায় উভয় দেশের মধ্যে সুশাসন, উন্নয়ন, নিরাপত্তা, আঞ্চলিক সম্পৃক্তকরণ, শ্রম, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক এবং সম্পর্ক উন্নয়নের নানা উপায় নিয়ে এক্সক্লুসিভ আলোচনা হয়ে থাকে। স্টেট ডিপার্টমেন্ট-এর সূত্রগুলো বলছে, এবারের অংশীদারিত্ব সংলাপের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমাত্রিকতা আরও সুস্পষ্ট হবে।
কূটনৈতিক পর্যবেক্ষরা বলছেন, আগের দু’টি সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ইস্যুতে দেশ দু’টি পরস্পরের মনোভাব, আকাঙ্ক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন নিয়ে পরস্পরের সদিচ্ছা ও সীমাবদ্ধতা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা লাভে সক্ষম হয়েছে বলে মনে করা হচ্ছে। সে হিসেবে প্রথম দু’টি পার্টনারশিপ ডায়ালগ হানিমুন পিরিয়ড বলেই চিহ্নিত হবে। তবে ওই দু’টি সংলাপে বাংলাদেশের স্বাস্থ্য, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, সন্ত্রাস নির্মূল ও শ্রম অধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের কার্যকর ভূমিকা নিশ্চিত হয়েছে। সে তুলনায় এবারের তৃতীয় অংশীদারিত্ব সংলাপ আরও বেশি কার্যকর, বিস্তৃত ও পেশাদারি মনোভাব নিয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এবারের সংলাপে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন ইস্যুতে সদিচ্ছা পুনর্ব্যক্ত করার পাশাপাশি দায়বদ্ধতা ও জবাবদিহিতার বিষয়গুলোও স্থান পাবে। জানা গেছে, এবারের অংশীদারিত্ব সংলাপে যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, শ্রম অধিকার, অধিকতর আঞ্চলিক সম্পৃক্ততা ও নৌ-নিরাপত্তার মতো বিষয়গুলোর ওপর জোর দেয়া হবে।
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’