মার্কিন রাজনীতির মূলধারায় দক্ষিণ এশীয়দের পিছিয়ে থাকার ধারাবাহিকতা অব্যাহত
মিজানুর রহমান খান, ওয়াশিংটন ডিসি থেকে : মার্কিন রাজনীতির মূলধারায় দক্ষিণ এশীয়দের পিছিয়ে থাকার ধারাবাহিকতা এবারের নির্বাচনেও অব্যাহত ছিল। বিভিন্ন স্তরের নির্বাচনে ভারতীয় উপমহাদেশের তিনটি দেশের অভিবাসীদের কিছু অংশগ্রহণ থাকলেও সংখ্যার বিচারে তা এখনো উল্লেখ করার মতো নয়। যুক্তরাষ্ট্রে উপমহাদেশের তিনটি দেশের অভিবাসীরাই সাধারণত ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকে থাকেন। তবে পাকিস্তানে ড্রোন হামলায় ব্যাপক প্রাণহানি ও কমান্ডো হামলায় ওসামা বিন লাদেনকে হত্যার জেরে পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিনদের একটি অংশ এবার মিট রমনির দিকে ঝুঁকেছিল। আর নির্বাচনী প্রক্রিয়ায় পাকিস্তানি বংশোদ্ভূতরা প্রায় নেই। নিউজার্সির প্লেইন্সবরোতে বাংলাদেশি বিজ্ঞানী ও মুক্তিযোদ্ধা নূরান নবী ডেমোক্র্যাট দলের প্রার্থী হিসেবে কাউন্সিলম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। নূরান নবীর প্রতিপক্ষ ছিলেন রিপাবলিকান দলীয় ম্যারিওজি দোয়েল লিওন ও ভারতীয় বংশোদ্ভূত কৃষ্ণা জগনাথন। ৬ নভেম্বরের নির্বাচনে চার বাংলাদেশি লড়েছিলেন। তিনজন স্থানীয় সরকারে ও একজন অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে। এবার কেন্দ্রীয় কংগ্রেসের নির্বাচনে কোনো বাংলাদেশি বংশোদ্ভূত অংশ নেননি। ভারতীয় মার্কিন নাগরিকেরাও অংশ নিয়ে ভালো করেননি। কেন্দ্রীয় কংগ্রেসে এবার তাঁদের ছয়জন প্রার্থী ছিলেন। পাঁচজনই ডেমোক্র্যাট, একজন রিপাবলিকান। গতকাল পর্যন্ত একজন বাদে অন্যদের পরাজয় নিশ্চিত হয়ে গেছে। প্রথম হিন্দু ভারতীয় বংশোদ্ভূত মার্কিন হিসেবে তুলসী গ্যাবরাদ মার্কিন কংগ্রেসের সদস্য হতে যাচ্ছেন। ৬ নভেম্বরের নির্বাচনে তিনি তাঁর আসনে এগিয়ে আছেন। ভারতীয় বংশোদ্ভূত মার্কিনদের মধ্যে আগে যে দুজন কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁদের একজন শিখ, অন্যজন খ্রিস্টান। গ্যাবরাদের মা ভারতীয় হিন্দু ছিলেন। বাংলাদেশিদের মধ্যে এ পর্যন্ত নূরান নবীই শুধু নির্বাচিত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। বলা হচ্ছে উপদলীয় কোন্দলে না জড়ালে আরও একজন নির্বাচিত হতেন। জেদাজেদি করে এক আসনে দুই বাংলাদেশি লড়াইয়ে নামার কারণে এক স্পেনের নারী জিতে গেছেন। আসনটি হলো নিউজার্সির প্যাটারসন কাউন্টি। ওয়াকিবহাল সূত্র জানিয়েছে, কাউন্সিলর পদের জন্য আখতারুজ্জামান ১৬০০ এবং অন্য বাংলাদেশি শামীম ৫০০ ভোট পেয়েছেন। আর স্পেনের বংশোদ্ভূত প্রার্থী ১২৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। গত সেপ্টেম্বরে আখতারুজ্জামান একই পদে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু তথ্য গোপন করার অভিযোগে আদালতে তাঁর নির্বাচন বাতিল করা হয়। জানা গেছে, আটলান্টার একটি আসন থেকে ডেমোক্র্যাট দলের টিকিটে প্রার্থী হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন শেখ রহমানের জয়ের সম্ভাবনা কম। তিনি ৩৪ বছর আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র আসেন। মার্কিন রাজনীতিতে বর্তমানে দুজন ভারতীয় বংশোদ্ভূত উঁচুপদে আছেন। লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর ববি জিন্দাল ও সাউথ ক্যারোলাইনার গভর্নর নিকি হ্যালে। অন্যদিকে প্রথম বাংলাদেশি কংগ্রেসম্যান হিসেবে যাঁকে বিবেচনা করা হয়, তিনি হলেন মিশিগান থেকে নির্বাচিত হ্যানসেন ক্লার্ক। তাঁর পৈতৃক বাড়ি সিলেটে।প্রথম আলো
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








