মিশরের পার্লামেন্ট বাতিল সংবিধান স্থগিত
ইউএসএনিউজ ডেস্ক: মিশরের পার্লামেন্ট বাতিল করে দিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে স্থগিত করেছে সংবিধান। প্রতিশ্রুতি দিয়েছে, সেনাবাহিনী ৬ মাস দেশ শাসন করবে। এরপরই দেয়া হবে সাধারণ নির্বাচন। গতকাল সেনাবাহিনীর এক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে এ কথা বলেন। সেনাবাহিনীর সুপ্রিম কাউন্সিল আরও বলেছে, নির্বাচন দিয়ে তারা ক্ষমতা ত্যাগ করবেন। এতে আরও বলা হয়, নতুন একটি সংবিধানের খসড় প্রণয়নের জন্য গঠন করা হবে একটি কমিটি। ওই খসড়া পরে গণভোটে দেয়া হবে। তখন ওই খসড়া সংবিধান অনুমোদিত হলে সেটাই চূড়ান্ত হবে। আগামী সেপ্টেম্বরে মিশরে সাধারণ নির্বাচন হওয়ার কথা। কিন্তু সেনাবাহিনী সর্বশেষ যে বিবৃতি দিয়েছে, তা থেকে বোঝা যায়, ওই নির্বাচন জুলাই বা আগস্ট মাসে দেয়া হতে পারে। বিরোধীদলীয় নেতা আয়মান নূর সামরিক বাহিনীর গৃহীত পদক্ষেপকে ‘গণঅভ্যুত্থানের বিজয়’ হিসেবে বর্ণনা করেছেন। ওদিকে, তদারক সরকারের প্রধানমন্ত্রী আহমেদ শফিক বলেছেন, তার কাজের মধ্যে প্রাধান্য পাবে দেশের নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন। এরই মধ্যে বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, সরকারি প্রসিকিউটর বা সেনাবাহিনীর অনুমোদন ছাড়া ওইসব কর্মকর্তা দেশত্যাগ করতে পারবেন না। ওদিকে, সেনাবাহিনী ক্ষমতায় আসায় বিক্ষোভকারীদের অনেকের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এতে এখনও উত্তেজনা বিরাজ করছে। তাহরির স্কোয়ারে এখনও রয়েছেন বেশ কিছু বিক্ষোভকারী। সেনাবাহিনী গতকাল তাদেরকে সরিয়ে দিতে গেলে তারা বাধার সৃষ্টি করেন। তারা তারস্বরে বলতে থাকেন সংস্কারের পূর্ণাঙ্গ সময়সীমা ঘোষণা না করা পর্যন্ত রাজপথ ছাড়বো না। এ অবস্থায় সেনা পুলিশ প্রধান তাহরির স্কোয়ার থেকে বিক্ষোভকারীদের ব্যবহৃত তাঁবুসহ অন্যান্য সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন। ওদিকে, মিশর জাদুঘরের কর্মকর্তারা তথ্য তালাশ করে দেখেছেন ওই জাদুঘর থেকে রাজা তুতেনখামেনের মূর্তিসহ মোট ১৮টি প্রত্নতত্ত্ব লুট হয়েছে। গত শনিবার সেনা কর্তৃপক্ষ ১৯৭৯ সালের শান্তিচুক্তিসহ সব আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান জানাবে বলে ঘোষণা করে। ইসরাইলের সঙ্গে মিশর যে চুক্তি করেছিল তা বহাল থাকবে। সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তারা বলেছেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার ক্ষেত্রে এক মাইলফলক।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








