যুক্তরাষ্ট্রে ১৫ বছরে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা গত ১৫ বছরে বেড়েছে ১৪১ শতাংশ। শুধু ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত চার বছরেই এই বৃদ্ধি ২৯ শতাংশ। দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ার চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণা বিশ্লেষণে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের (সিআইএস) গত ১৭ নভেম্বর প্রকাশিত বিশ্লেষণে এ তথ্য তুলে ধরা হয়েছে। এতে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিবাসী জনসংখ্যার পরিবর্তন পর্যালোচনা করা হয়েছে। বিশ্লেষণ অনুযায়ী, এই ১৫ বছরে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা বেড়েছে ১৪১ শতাংশ। আর ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যবর্তী সময়েই বেড়েছে ২৯ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী জনগোষ্ঠীর বিস্তার অব্যাহত রয়েছে।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের অভিবাসী জনগোষ্ঠীর প্রবৃদ্ধির চিত্রেও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। সিআইএসের বিশ্লেষণ অনুযায়ী, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে নেপালি অভিবাসীর সংখ্যা বেড়েছে ২৫৬ শতাংশ এবং আফগানিস্তানের অভিবাসী বেড়েছে ৩৯০ শতাংশ। তবে সামগ্রিক তালিকায় সর্বোচ্চ প্রবৃদ্ধি দেখা গেছে ভেনেজুয়েলার ক্ষেত্রে। দেশটি থেকে আসা অভিবাসী জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে ৪৭১ শতাংশ।
প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সামগ্রিক অভিবাসী জনসংখ্যার প্রবৃদ্ধির চিত্রও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে বিদেশে জন্ম নেওয়া মানুষের সংখ্যা বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ। একই সময়ে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া জনসংখ্যা বেড়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে দীর্ঘ ১৫ বছরের হিসাবেও অভিবাসী জনগোষ্ঠীর বৃদ্ধির হার যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া জনগোষ্ঠীর তুলনায় তিন গুণের বেশি।
তবে গবেষণায় উল্লেখিত প্রবৃদ্ধির হারকে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন করে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অভিবাসীর সংখ্যা হিসেবে দেখার সুযোগ নেই। এটি সংশ্লিষ্ট দেশগুলোতে জন্ম নেওয়া এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসী জনগোষ্ঠীর মোট জনসংখ্যার পরিবর্তন নির্দেশ করে। এ হিসাবের মধ্যে নতুন অভিবাসীদের আগমনের পাশাপাশি মৃত্যু ও যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
সামগ্রিকভাবে গবেষণার তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের অভিবাসী জনসংখ্যার কাঠামোতে পরিবর্তন ঘটছে এবং বাংলাদেশি অভিবাসী জনগোষ্ঠীও সেই প্রবৃদ্ধির ধারায় উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে।
- যুক্তরাষ্ট্রে ১৫ বছরে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে প্রথম কৃষ্ণাঙ্গ প্রার্থী হাকিম জেফরিস; ডেমোক্রেটদের ২৫১ ভোটে মনোনয়ন, বিপক্ষে ১১
- নিউ জার্সিতে আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
- UN General Assembly Adopts Rohingya Resolution with Overwhelming Support; Bangladesh Calls for Urgent Action on Repatriation
- জাতিসংঘে বিপুল ভোটে গৃহীত রোহিঙ্গা প্রস্তাব; রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে: রাষ্ট্রদূত সঞ্চিতা হক
- New York Attorney General James Urges New York City Construction Workers to File Claims in $1.4 Million Alba Settlement
- নিউইয়র্কে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্মরণে দোয়া ও শোকসভা: ভার্চুয়াল বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা
- চল চল ঢাকা চল’ স্লোগানে নিউইয়র্কের ব্রঙ্কসে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের পথসভা