Thursday, 26 November 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ১০ বছর ধরে বসবাসকারী নির্দিষ্ট অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার প্রস্তাব The Architecture of Synergy: Bridging Cultures of Science, Liberal Arts, and Human Purpose in the AI Era Bangladesh Armed Forces Embody Courage, Sacrifice and Commitment to Global Peace: Irene Khan CONSUMER ALERT:: New York Attorney General James Issues Tips for New Yorkers to Avoid Holiday Shopping Scams বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান; নিউইয়র্কে সেমিনারে মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে বললেন, ‘এটি বাংলাদেশের বিজয় দিবস’ নিউইয়র্কে সীতাকুণ্ড কলেজের সাবেক অধ্যক্ষ সুশান্ত রঞ্জন দেব স্মরণে নাগরিক শোকসভা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের গ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ, নিঃশর্ত মুক্তি দাবি বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাহস, আত্মত্যাগ ও বিশ্বশান্তির প্রতীক: জাতিসংঘে বাংলাদেশ মিশনে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে ডিসেম্বরে বিনামূল্যে সবজি ও ফলমূল বিতরণ: ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য দ্বিতীয় দফায় দ্বিগুণ খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের প্রাণকেন্দ্রে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’
সব ক্যাটাগরি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান; নিউইয়র্কে সেমিনারে মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে বললেন, ‘এটি বাংলাদেশের বিজয় দিবস’

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: November 25, 2026 | 12:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান বলে জানিয়েছেন। নিউইয়র্কে ‘বাংলাদেশ’স ফিউচার: ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড ইনক্লুসিভ পলিটিকস’ শীর্ষক এক সেমিনারে ভারত থেকে টেলিফোনে যুক্ত হয়ে বক্তব্য দেওয়ার পর এক মার্কিন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তবে দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বার্তা পাননি বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জাতিসংঘ সদর দপ্তরের সামনে চার্চ সেন্টার ফর দ্য ইউনাইটেড নেশন্সের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক সংগঠন ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড সাসটেইনেবিলিটি’ (আইসিডিএইচআরএস) এ আয়োজন করে।

সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, “অবশ্যই আমি উদ্‌গ্রীব হয়ে আছি নিজ দেশে ফেরার জন্য। কিন্তু বাংলাদেশের সরকার আমার পাসপোর্ট, আইডি কার্ড—সবকিছু স্থগিত করেছে। তাই আমি জানি না কীভাবে দেশে ফিরব।”

তিনি আরও বলেন, বাংলাদেশি একটি উড়োজাহাজ তাঁকে সেখানে নামিয়ে দিয়ে থাকলে দেশে ফেরার জন্য সরকারের একটি উড়োজাহাজ পাঠানো উচিত। তবে সরকার তাঁকে দেশে ফেরার অনুমতি দেবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তাঁর ভাষ্য, ইতিমধ্যে দেশে ফেরার ক্ষেত্রে নানা জটিলতা তৈরি করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, “আমি ১৬ ডিসেম্বর ফিরতে চাই, কারণ সেটি হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস। যদি তারা (সরকার) আমাকে নিয়ে যাওয়ার বা আমার ফিরে যাওয়ার ব্যবস্থা না করে, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, ডিসেম্বরের যেকোনো দিন আমি বাংলাদেশে ফিরতে চাই।”

দেশে ফেরার বিষয়ে সরকারের কাছ থেকে কোনো ইতিবাচক বা নেতিবাচক বার্তা পেয়েছেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিছুই জানতে পারিনি।”

সেমিনারে সভাপতিত্ব করেন আইসিডিএইচআরএসের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নুরুন্নবী। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালনকারী সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে. থমাস জুনিয়র, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও ওয়াশিংটনভিত্তিক রক্ষণশীল থিংক ট্যাংক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিন, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বিশ্বব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক আহমেদ কায়কাউস এবং রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের নির্বাচিত প্রতিনিধি রবার্ট বি. ল্যাঞ্চিয়া।

অনুষ্ঠানে আইসিডিএইচআরএসের মহাসচিব জাহাঙ্গীর মজুমদার বাংলাদেশবিষয়ক গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপনের জন্য আলোচক ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. জিনাত নবী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মো. আমিনুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মো. কাদের মিয়া, মূলধারার রাজনীতিক জুনায়েদ আকতার, সমাজকর্মী সেলিনা মোমেন, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী মো. ফজলুল হক, সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতির সভাপতি মো. জাফরউল্লাহ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, সহসভাপতি আলিম খান আকাশ এবং আওয়ামী লীগ নেতা মাহাব্বুর রহমান টুকু, জাকারিয়া চৌধুরী ও ইফজাল চৌধুরীসহ অনেকে।

আইসিডিএইচআরএসের উদ্যোগে এবং ‘দ্য নেক্সট থিঙ্কারস’-এর সহযোগিতায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ