সন্তানকে সক্রিয় দেখতে হলে সক্রিয় হন
প্রাণোচ্ছল, চটপটে ও সব সময় সক্রিয় মায়ের সন্তানের শারীরিকভাবে সক্রিয় হয়ে ওঠার সম্ভাবনা বেশি থাকে। মায়ের সঙ্গে সন্তানের সক্রিয়তার-স্বভাবের এই যোগসূত্র অত্যন্ত সরাসরি সম্পর্কিত বলে দাবি করেছেন ব্রিটিশ গবেষকেরা। শিশুরোগ-চিকিত্সা সাময়িকী পেডিয়াট্রিকস-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।
কেমব্র্রিজ ও সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাবিজ্ঞানীরা পাঁচ শয়েরও বেশি মা এবং তাঁদের চার বছর বয়সী সন্তানের ওপর এ বিষয়ে একটি গবেষণা পরিচালনা করেন। সাত দিনেরও বেশি সময় ধরে হূত্স্পন্দনের গতি পর্যবেক্ষণ করাসহ নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো হয় গবেষণায় অংশ নেওয়া মা ও সন্তানদের ওপর। গবেষণা ফলাফলে বলা হয়েছে যে, শিশুরা ‘প্রাকৃতিকভাবে সক্রিয়’ হয়ে ওঠে না এবং শৈশবের শুরু থেকেই শিশুদের মধ্যে শরীরচর্চার স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
গড়পড়তা মায়েরা নিজেদের শরীরচর্চায় মনোযোগী নন বলেও তথ্য উঠে এসেছে এ গবেষণায়। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে গবেষকেরা বলেছেন, শিশুস্বাস্থ্য উন্নয়নে কার্যকর প্রভাব ফেলতে হলে নীতিগত পর্যায়ে মায়েদের লক্ষ্য বানিয়ে কর্মসূচি পরিচালনা করতে হবে। শিশুরোগ-চিকিত্সা-বিষয়ক সংস্থা আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকসের সাময়িকী পেডিয়াট্রিকস সম্প্রতি এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করে।
প্রাণোচ্ছল থাকুন, সক্রিয় থাকুন
গবেষণার অংশ হিসেবে ব্রিটেনের সাউদাম্পটনের ৫৫৪ জন মা এবং তাঁদের চার বছর বয়সী সন্তানকে হালকা জ্যাকেটের মতো একটা পোশাক পরানো হয়, যা হূত্স্পন্দন পর্যবেক্ষণে সক্ষম। লাগাতার সাত দিন সার্বক্ষণিক এই পোশাক পরেছিলেন মা ও শিশুরা। এমনকি ঘুমানোর এবং পানিতে নেমে গোসলের সময়েও এটা খোলা হয়নি।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটের গবেষণা সহযোগী এবং এ গবেষণার সহ-দলনেতা ক্যাথরিন হেসকেথ বলেছেন, গবেষণার তথ্য-উপাত্ত থেকে দেখা গেছে, মা ও শিশুদের শারীরিক সক্রিয়তার মধ্যে একটা সরাসরি ও ইতিবাচক যোগাযোগ আছে।
তিনি জানান, একজন মা যতক্ষণ হাঁটাচলা, দৌড়াদৌড়ি এবং নানা ধরনের হালকা বা ভারী শারীরিক শ্রমের মধ্যে থাকেন তাঁর সন্তানের শারীরিক সক্রিয়তার মাত্রা তার চেয়ে কমপক্ষে ১০ ভাগ বেশি থাকে। মা যদি প্রতিদিন এক ঘণ্টা বেশি শারীরিক সক্রিয়তা কাটান, তাহলে সন্তান এক ঘণ্টা ১০ মিনিট শারীরিক সক্রিয়তায় কাটায়। এই ব্যবধান এমনিতে সামান্য মনে হলেও মাস বা বছরের হিসাবে এটা অনেক বড় প্রভাবক বলেও মন্তব্য করেন তিনি। তবে, সন্তানের এই সক্রিয়তার বিষয়টি মা চাকরিবাকরি করেন কি না বা গৃহস্থালি কাজে সময় দেন কি না এবং শিশুর আর কোনো ভাইবোন আছে কি না—এসব বিষয়ের সঙ্গেও সম্পৃক্ত বলে জানিয়েছেন গবেষকেরা।
মাতৃত্ব সক্রিয়তার স্তর পালটে দেয়
এই গবেষণায় আরও বলা হয়েছে, মাতৃত্ব নারীর সক্রিয়তার মাত্রা পালটে দেয়। বেশির ভাগ নারীই একবার মা হওয়ার পর আর শারীরিক সক্রিয়তার আগের মাত্রায় ফিরে আসতে পারেন না। আর নিজেদের শারীরিক সক্রিয়তার এই ঘাটতি তাঁর সন্তানের ওপর প্রভাব ফেলতে পারে।
গবেষক ক্যাথরিন হেসকেথ বলেন, ‘প্রতিদিন শারীরিকভাবে সক্রিয় থাকার বিষয়টি অনেক নতুন মা-বাবাই তেমন গুরুত্বের সঙ্গে নিতে পারেন না। তবে, মায়ের প্রাত্যহিক রুটিনে কাজকর্ম ও শরীরচর্চা সামান্য মাত্রায় বেড়ে গেলেই তা সন্তানকে উপকৃত করতে পারে।’
গবেষকেরা বলেছেন, প্রতিদিন সন্তানকে নিয়ে একটু হাঁটা, একটু ব্যায়াম করানো, সাঁতরানো, মাঠে বা খোলা জায়গায় দৌড়ঝাঁপ করা, খেলা ইত্যাদি শিশুদের মধ্যে শৈশবেই শরীরচর্চার অভ্যাসের ভিত গড়ে দিতে পারে। পাশাপাশি নতুন বিয়ে করেছেন এবং মা হতে চাইছেন এমন নারীদেরও উচিত শারীরিকভাবে সক্রিয় থাকার অভ্যাস বজায় রাখা বা গড়ে তোলা। আর যাঁরা নতুন মা হয়েছেন তাঁদের অবশ্যই এ বিষয়ে খুবই মনোযোগী হতে হবে।প্রথম আলো
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!