যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ও কংগ্রেসম্যান এলিসনের মধ্যে বৈঠক
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের ২৭ মার্চ কংগ্রেসের ডেমোক্রেট প্রতিনিধি ও হাউস কমিটি অন ফাইন্সসিয়াল সার্ভিসের সদস্য কংগ্রেসম্যান কেইথ এলিসনের সাথে তার ক্যাপিটল হিলস্থ অফিসে সাক্ষাৎ করেন। বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কংগ্রেসম্যান এলিসন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার, শ্রমিক নিরাপত্তা ও শ্রমিক অধিকার সম্পর্কে আলোচনা করেন। রাষ্ট্রদূত কাদের উল্লেখ করেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল শুধুমাত্র ১৯৭১ এর মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদেরই বিচার করছে, কোন ধর্মীয় বিশ্বাস বা রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বিচারের আওতায় আনা হয়নি।
তিনি আরো বলেন যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের বিচার প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ এবং উক্ত ট্রাইবুন্যালের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগে আপীল রুজু করার সুযোগ রয়েছে। আলাপকালে রাষ্ট্রদূত বাংলাদেশের শ্রমিক নিরাপত্তা ও শ্রমিক অধিকার সংরক্ষণে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বিধৃত করেন। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ শ্রম আইন (সংশোধনী)-২০১৩, বিগত সংসদে পাশ হয়েছে, বর্তমানে শ্রমিক নিরাপত্তাকে গুরুত্ব দিয়ে উক্ত আইনের বিভিন্ন বিধিসমূহ চূড়ান্তকরণে একটি জাতীয় কমিটি ও ওয়ার্কিং গ্রুপ নিরলস কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের রাষ্ট্রদূত আরও বলেন যে, বাংলাদেশ সরকার শ্রমিক নিরাপত্তা ও শ্রমিক অধিকার নিশ্চিতকল্পে জাতীয় পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যনীতি প্রণয়ন, বিল্ডিং ও অগ্নি নিরাপত্তার জন্য টাস্ক ফোর্স গঠন, তৈরী পোশাক কারখানাসমূহের কাঠামোগত গঠন পর্যালোচনা, অগ্নি নিরাপত্তা সংক্রান্ত হটলাইন স্থাপন, মহাপরিদর্শক, কলকারখানা ও স্থাপনা-এর কার্যালয়কে উন্নীত ও শক্তিশালীকরণ এবং জনগণের জন্য উন্মুক্ত তৈরী পোশাক শিল্পের নিরাপত্তা বিষয়ক ডাটাবেজ নির্মাণ কাজ শুরু করেছে। রাষ্ট্রদূত বলেন যে, বাংলাদেশে শ্রমিক নিরাপত্তা ও তাদের অধিকারের নিশ্চিতকল্পে বর্তমান সরকার সকল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু একটি পরিপূর্ণ পরিবর্তনের জন্য বাংলাদেশকে যথোপযুক্ত সময় প্রদান করা আবশ্যক। কংগ্রেসম্যান এলিসন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অর্জিত অগ্রগতিতে সন্তষ্টি প্রকাশ করেন এবং রাষ্টদূতের আমন্ত্রণের প্রেক্ষিতে নিকটবর্তী সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করার ইচ্ছা ব্যক্ত করেছেন।
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








