নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে নতুন কনসাল জেনারেল: প্রবাসীদের পুরোনো হাতে লেখা পাসপোর্ট আগামী ১৫ মার্চ এর আগেই পরিবর্তন করে এমআরপি গ্রহণের পরামর্শ, ওই দিনের পর হাতে লেখা পাসপোর্টের গ্রহণযোগ্যতা থাকবে না
ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে বাংলাদেশের নবনিযুক্ত কনসাল জেনারেল মো. শামীম আহসান বলেছেন, কনস্যুলেট জেনারেল অফিস স্থান সংকুলান এবং জনবল সঙ্কটের কারণে প্রবাসীদের কাঙ্খিত সেবা দিতে পারছে না। তবে নানান সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সর্বোত্তম সেবা দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিউইয়র্ক কনস্যুলেট।
স্থানীয় সময় ৯ মে শুক্রবার বিকেলে ম্যানহাটনের কনস্যুলেট কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মতবিনিময় অনুষ্ঠানে কনসাল জেনারেল মো. শামীম আহসান প্রবাসীদের পুরোনো হাতে লেখা পাসপোর্ট আগামী ১৫ মার্চ ২০১৫ তারিখের শেষ সময়সীমার আগেই পরিবর্তন করে এমআরপি গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, ওই দিনের পর কোনো বাংলাদেশির হাতে লেখা পাসপোর্টের গ্রহণযোগ্যতা থাকবে না।
অনুষ্ঠানে কনসাল জেনারেল শামীম আহসান ছাড়াও ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম এবং কনসাল ও হেড অব চ্যান্সেরি চৌধুরী সুলতানা পারভিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল নিউইয়র্ক কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের অবহিত করেন। তিনি জানান, বিপুলসংখ্যক বাংলাদেশি প্রতিদিন সেবা নিতে কনস্যুলেটে আসছেন। দিন দিন লোক সমাগম বেড়ে যাওয়ায় নিউইয়র্ক কনস্যুলেটের বর্তমান অফিস নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছে। এ জন্য নতুন অফিস খোঁজা হচ্ছে। কিন্তু চাহিদামত ভাল অফিস পাওয়া যাচ্ছে না। ইতোমধ্যে অনেকে অফিস দিতে আশ্বাস দিলেও দু’একদিন পরে যোগাযোগ করলে অফিস বরাদ্দ দিতে অস্বীকৃতি জানায়। তিনি বলেন, অনেকে গোপনে কনস্যুলেটে এসে লোকজনের ভিড় দেখে পরে সিদ্ধান্ত পাল্টাচ্ছেন বলে মনে করা হচ্ছে। তবে তিনি আশা প্রকাশ করেন, অচিরেই কনস্যুলেটের অফিস সমস্যার সমাধান হবে।
তিনি জানান, কনস্যুলেটের অফিসের জন্য ভবণ ক্রয়েরও চেষ্টা চালানো হচ্ছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, নিউইয়র্ক সিটিতে একমাত্র দক্ষিণ আফ্রিকার কনস্যুলেট ম্যানহাটনের বাইরে। আর সকল দেশের কনস্যুলেট নিউইয়র্ক সিটির ম্যানহাটনে অবস্থিত। এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা না থাকলেও নিরাপত্তাজনিত কারণেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চায় ম্যানহাটনে অফিস থাকুক।
তিনি উল্লেখ করেন, প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে নিউইয়র্ক কনস্যুলেটের ভ্রাম্যমাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কানেকটিকাট, নিউজার্সি এবং নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি কার্যালয়ে ভ্রাম্যমাণ কার্যক্রমে বিপুলসংখ্যক বাংলাদেশি সেবা গ্রহণ করছেন। নতুন পাসপোর্ট ইস্যু করা এবং জন্মনিবন্ধন সনদ দেওয়ার দুটি কাজ ছাড়া কনস্যুলেট জেনারেল থেকে যতগুলো সেবা দেওয়া হয় তার সবগুলোই এই ক্যাম্প অফিস থেকে দেওয়া হচ্ছে। তিনি জানান, কনস্যুলেট জেনারেল অফিস ভ্রাম্যমাণ অফিস থেকে বাংলাদেশের জন্য ভিসা আবেদন, নো-ভিসা রিকোয়ার্ড এর সনদ, সত্যায়িতকরণ, পাসপোর্ট নবায়নের আবেদন, সংশোধন, পাওয়ার অব অ্যাটর্নি, অবসরপ্রাপ্তদের জন্য এলিভ সার্টিফিকেট, মিডিয়া অ্যাক্রেডিটেশনসহ সব ধরনের সেবা দিচ্ছে।
অন্য এক প্রশ্নের জবাবে কনসাল জেনারেল শামীম আহসান জানান, নিউইয়র্ক কনস্যুলেটে তিনিসহ ১২ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। এই স্বল্প লোকবল দিয়ে কনস্যুলেটের সব কার্যক্রম পরিচালনা করা কষ্টসাধ্য। কিন্তু কনস্যুলেটের স্বাভাবিক কার্যক্রমে কোনো বিঘœ ঘটছে না। তবে সরকার প্রবাসীদের সেবা প্রদানের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা দেয়ার নির্দেশনাও রয়েছে। নিউইয়র্ক কনস্যুলেট সে লক্ষ্যেই কাজ করছে। এসময় কনসাল জেনারেল মো. শামীম আহসান কনস্যুলেটের কার্যক্রম পরিচালনায় প্রবাসী বাংলাদেশি এবং নিউইয়র্কের বাংলা গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় অনুষ্ঠানে নিউইয়র্কে কর্মরত বাংলা গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নতুন কনসাল জেনারেল শামীম আহসান গত ১৫ এপ্রিল নিউইয়র্ক কনস্যুলেটে যোগ দেন। তিনি বিদায়ী কনসাল জেনারেল মনিরুল ইসলাম (বর্তমানে মরক্কোর রাষ্ট্রদূত) এর স্থলাভিষিক্ত হয়েছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!