আইফোন কারা কিনবেন?
এ মাসেই হয়তো বাজারে চলে আসবে নতুন আইফোন। কিন্তু নতুন আইফোন বাজারে এলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ওপর কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে সম্প্রতি একটি জরিপ করেছে বাজার গবেষণাপ্রতিষ্ঠান সুরভাটা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এ তথ্য জানিয়েছে।
৮৮৯ জন গ্রাহকের মধ্যে ২ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে ৫ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আইফোন ৬ কিনতে পারেন। এ ছাড়া ১২.৪ শতাংশ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী অ্যাপলের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে এলে তা কেনার ‘ইচ্ছা থাকার’ কথা জানিয়েছেন। সব মিলিয়ে ১৭ শতাংশেরও বেশি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী আইফোন ৬-এর দিকে ঝুঁকছেন।
এ দিকে আইফোন ব্যবহারকারীর মধ্যে আইফোন ৫ ব্যবহারকারীর শতকরা ৩৬ শতাংশ তাদের ফোন আপগ্রেড করার কথা জানিয়েছেন। আইফোন ৫এস ব্যবহারকারীর ১৮ শতাংশ ও আইফোন৫সি ব্যবহারকারীর মধ্যে ১৫ শতাংশ নতুন আইফোন কেনার ইচ্ছার কথা জানিয়েছেন।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, ৯ সেপ্টেম্বর দুটি মডেলের আইফোন ঘোষণা দিতে পারে অ্যাপল। এর ১০ দিন পর থেকেই অ্যাপল স্টোরগুলোতে এই ফোন পাওয়া যাবে। নতুন আইফোন সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি অ্যাপল।
এদিকে, আইফোন কেনার জন্য আগেভাগেই অ্যাপল স্টোরগুলোর সামনে মানুষ লাইন দিতে শুরু করেছেন। আইফোনের কোনো তথ্য না জেনেও অনেকেই আগেভাগে তা সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে গেছেন। ৩ সেপ্টেম্বর বুধবার টুইটারে ড্যান বেন্টন নামের এক প্রযুক্তি বিনিয়োগকারী মানুষের লাইনে দাঁড়ানোর ছবি পোস্ট করেছেন।
সিএনবিসি ওয়েবসাইটেও প্রকাশিত হচ্ছে আইফোনের অপেক্ষায় থাকা মানুষের ছবি। এত আগেভাগে মানুষের সারি সম্পর্কে নিশ্চিত হতে অ্যাপল স্টোরের এক কর্মকর্তার কাছে তথ্য জানতে চেয়েছিল প্রযুক্তি ও ব্যবসাবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার। অ্যাপলের ওই কর্মকর্তা বলেছেন, ‘বাইরে তাঁরা অপেক্ষা করছেন দেখছি। কিন্তু তাঁরা যে কীসের জন্য অপেক্ষা করছেন, সেটা তাঁরা জানেনই না।’
অ্যাপলের কর্মকর্তা বলেন, ‘আমরা এখনো কোনো কিছুর ঘোষণাই তো দিইনি।’প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল