নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুলের মামলার শুনানি চলাকালে সুপ্রিম কোর্টের সামনে বাংলাদেশীদের মানববন্ধন : ডেপুটি কনসাল জেনারেলের দায়িত্ব থেকে অব্যাহতি, জাতিসংঘের স্থায়ী মিশনে কাউন্সিলর পদে নিয়োগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি গতকাল ২৮ জুন বুধবার কুইন্স সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছে। গৃহকর্মীকে নির্যাতন ও মানবপাচারসহ প্রায় ২০টি অভিযোগে অভিযুক্ত শাহেদুল ইসলামের আইনজীবীরা আদালতে বক্তব্য রাখেন। আদালত আইনজীবীদের বক্তব্য শুনে এ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করে। এর আগে শাহেদুল ইসলামের পাসপোর্ট ফেরত চেয়ে একটি মৌখিক আবেদন করেছিলেন আইনজীবীরা। গতকালের শুনানি শেষে আদালত পাসপোর্টের বিষয়ে নতুন করে লিখিত আবেদন জমা দিতে বলেছে। আগামী ১১ জুলাইয়ের মধ্যে এ আবেদন করতে বলা হয়েছে।
এদিকে কূটনৈতিক শাহেদুল ইসলামকে ডেপুটি কনসাল জেনারেলের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে জাতিসংঘের স্থায়ী মিশনের কাউন্সিলর পদে নিয়োগ দেয়া হয়েছে। বতর্মান চুক্তির মেয়াদ পর্যন্ত তিনি ওই পদে দায়িত্ব পালন করবেন। এছাড়া তিনি সকল কূটনৈতিক সুবিধা পূর্ণভাবে ভোগ করতে পারবেন বলে আশা করা যাচ্ছে।
গৃহকর্মীকে নির্যাতন, ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করা ও মানবপাচারের অভিযোগে ১২ জুন সকালে জ্যামাইকার বাসা থেকে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মো. শাহেদুল ইসলামকে আটক করে নিয়ে যায় নিউ ইয়র্ক পুলিশ। আটকের পরপরই কুইন্স সুপ্রিম কোর্টে তাকে হাজির করা হয়। সেখানে উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে শুনানি শেষে বিচারক ড্যানিয়েল লুইস তার জামিনের জন্য ৫০ হাজার ডলারের বন্ড বা নগদ ২৫ হাজার ডলার জমা দেয়ার শর্ত দেন। একই সঙ্গে বিচারকের সামনে তাৎক্ষণিক তার কূটনৈতিক পাসপোর্ট জমা দেয়ার নির্দেশ দেয়া হয়। মার্কিন আদালত তার কূটনৈতিক পাসপোর্ট জব্দ করেছে। প্রায় ৩৬ ঘণ্টা সংশোধনাগারে থাকার পর ১৩ জুন সন্ধ্যায় জামিনে মুক্তি পান তিনি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলামকে যুক্তরাষ্ট্রেই থাকতে হচ্ছে।
ডেপুটি কন্সাল জেনারেলের মামলা চলাকালে সুপ্রিম কোর্টের সামনে বাংলাদেশীদের মানববন্ধন
এনআরবি নিউজ, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কন্সাল জেনারেল শাহেদুল ইসলামের মামলা চলাকালে কুইন্স সুপ্রিম কোর্টের সামনে প্রবাসীরা মানববন্ধন করলেন। ‘ইউনাইটেড বাংলাদেশী বাংলাদেশী আমেরিকান ফর শাহেদুল ইসলাম’ শীর্ষক ব্যানারে ২৮ জুন বুধবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচি থেকে ডেপুটি কন্সাল জেনারেলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিস্তারিত তদন্ত শেষে ন্যায় বিচার প্রত্যাশা করা হয়।
শাহেদুলের গৃহকর্মী রুহুল আমিন (৪১) গত বছরের মে মাসে বাসা থেকে পালিয়ে পুলিশে অভিযোগ করেছেন যে, চুক্তি অনুযায়ী তাকে কোন পারশ্রমিকই দেয়া হয়নি। অধিকন্তু সপ্তাহে ৫ দিন মোট ৪০ ঘন্টা করে কাজের শর্ত থাকলেও ৭ দিনই অনেক বেশী সময় কাজ করিয়ে নেয়া হয়। এর প্রতিবাদ করলে কিংবা ন্যায্য পারিশ্রমিক চাইলেই নাকি তাকে মারধোর করা হয়। আরো অভিযোগ করা হয়েছে যে, শাহেদুল (৪৫) নাকি তার পাসপোর্টও আটক রেখেছেন। এ অভিযোগের তদন্ত শেষে কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নী রিচার্ড এ ব্রাউন শাহেদুলের বিরুদ্ধে চার্জ গঠন করেন ১২ জুন। সেদিনই সকালে শাহেদুলকে বাসা থেকে গ্রেফতার করে সুপ্রিম কোর্টে বিচারপতি ডেনিয়েল লুইসের এজলাসে সোপর্দ করা হয়। পরদিন তিনি ৫০ হাজার ডলার বন্ডে জামিনে মুক্তিলাভ করেছেন।
২৮ জুন ছিল মামলার প্রথম শুনানীর দিন। সে সময়েই আদালতের সামনে মানববন্ধন করলেন প্রবাসীরা। তাদের দাবি, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্র প্রস্তুতের অভিপ্রায়ে শাহেদুলকে ফাঁসানো হয়েছে। প্রকৃত অর্থে শাহেদুল তাকে সবসময়ই ন্যায্য পারিশ্রমিক দিয়েছেন এবং সেই অর্থে বাংলাদেশে ঠাকুরগাঁও জেলার কিশোরবাড়ি গ্রামে ৮ লাখ টাকায় একটি বাড়ী তৈরী করেছেন রুহুল আমিন। একই সময়ে ঠাকুরগাঁও জেলা সদরে ২৪ লাখ টাকায় ৮ শতাংশ জমি ক্রয়ের তথ্যও উপস্থাপন করা হয় মানববন্ধন থেকে। এসবের সমর্থনে বিস্তারিত ডক্যুমেন্ট মাননীয় আদালতে সোপর্দের জন্যে শাহেদুলের এটর্নী সময় প্রার্থনা করেছিলেন। মাননীয় আদালত ৩ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন বলে ডিস্ট্রিক্ট এটর্নীর অফিস থেকে জানা গেছে।
মানববন্ধনে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আইরিন পারভিন, জাকারিয়া চৌধুরী, শাহীন আজমল, মোশারফ হোসেন, এমাদ চৌধুরী, মিসবাহ আহমেদ, নূরল আবসার সেন্টু, শিবলী সাদিক প্রমুখ। এ সময় কুইন্স সুপ্রিম কোর্টের অনেকে বিষয়টি অবলোকন করেন। প্রবাসীদের মধ্যেও এ মামলা নিয়ে নানা প্রশ্নের উদ্রেক করেছে।
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান