ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক পুলিশ বিভাগ এনওয়াইপিডিতে অভিষিক্ত হয়েছেন আরো ১০ বাংলাদেশী। ফোর্থ জুলাইয়ের বর্ণাঢ্য উৎসবে নিরাপত্তা তৎপরতার মধ্য দিয়ে তাদের দায়িত্ব গ্রহনের অধ্যায় শুরু হয়েছে। এরআগে ৪ জুলাই মঙ্গলবার স্বাধীনতা দিবসের দিন ম্যানহাটানে বিশ্বখ্যাত মেডিসন স্কোয়ার গার্ডেনে আয়োজিত এক বর্নাঢ্য অনুষ্ঠানে তাঁরা অভিষিক্ত হয়েছেন। এ সময় তাদের আত্মীয়-স্বজনরাও সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ একাডেমিতে বিশেষ কৃত্বিত্ব প্রদর্শনের পর অফিসার হিসেবে শপথ গ্রহণকারি বাংলাদেশীরা
হলেন মাহবুবুর জুয়েল, নাসের চৌধুরী, জামান, আকন, রোকন, ইফতেখার চৌধুরী, এশ চৌধুরী, শহীদ, কুন্ডু এবং অভি। এ ১০ বাংলাদেশীসহ ৪০৮ পুলিশ অফিসার অভিষিক্ত হয়েছেন সেদিন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে। সকলকেই চৌকষ অফিসার হিসেবে অভিহিত করে শুভেচ্ছা বক্তব্য রাখেন পুলিশ কমিশনার জেমস ও’নীল। তিনি বলেন, নিউইয়র্ক সিটির পুলিশ অফিসারদের বিশ্বের সেরা অফিসার হিসেবে বিবেচনা করা হয়। আর এটি সম্ভব হয়েছে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের দীর্ঘ ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে। আশা করছি, সে ধারা অব্যাহত রাখতে নতুনরাও সক্ষম হবেন।
বাপা’কে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট’র স্বীকৃতি
ওদিকে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত বাংলাদেশীদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশী আমেরিকান পুলিশ এসোসিয়েশন’ বাপা’কে স্বীকৃতি দিয়েছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। গত ৩০ জুন আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানানো হয় বাপার সকল কর্মকর্তাকে। এটি বাংলাদেশী পুলিশ অফিসারদের কর্তব্যনিষ্ঠার এক অনন্য স্বীকৃতি বলে সকলে মনে করছেন। এজন্যে কম্যুনিটির সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাপার কর্মকর্তারা। কারণ, তাদের কর্মতৎপরতায় যতটা সাফল্য এসেছে, তা প্রবাসীদের সমর্থনেই সম্ভব হয়েছে বলে তারা মনে করছেন। আর এর মধ্য দিয়েই নিউইয়র্ক সিটির বহুজাতিক পুলিশ নিয়ে গঠিত বাহিনীতেও বাংলাদেশীরা বিশেষ একটি অবস্থান রচনায় সক্ষম হয়েছেন।