Sunday, 1 November 2026 |
শিরোনাম
Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
সব ক্যাটাগরি

এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত দেশগুলোকে সহযোগিতা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন’র

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: July 12, 2017 | 11:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক :  জাতিসংঘের চলতি ‘হাই লেভেল পলিটিক্যাল ফোরাম (এইচএলপিএফ)’ এর আওতায় ১২ জুলাই ইকোসক আয়োজিত “পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটে দারিদ্র্য নিরসন ও সমৃদ্ধি উন্নয়ন : বিশেষ পরিস্থিতিতে ও বিশেষ চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত, ভূ-পরিবেষ্টিত স্বল্পোন্নত ও মধ্যম আয়ের দেশগুলির জন্য করণীয়” শীর্ষক সাইড ইভেন্টে একজন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত দেশসমূহ কিভাবে কাজ করছে সে বিষয়ে সভায় ক) স্থিতিশীলতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, প্রাকৃতিক দুর্যোগ, সংঘর্ষ ও দেশান্তরের মতো অবস্থায় স্বল্পোন্নত দেশসমূহ গৃহীত পদক্ষেপ ও নীতিমালার সাফল্য, খ) সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হতে পারে এ জাতীয় অভিগমনের অন্তর্নিহিত আর্থ-সামাজিক মূল কারণগুলো চিহ্নিত করে তা সমাধানে গৃহীত পদক্ষেপ, এবং গ) এসডিজি’র মনিটরিং ও ফলোআপের ক্ষেত্রে এলডিসিভুক্ত দেশসমূহে কোন ধরনের প্রযুক্তি, উদ্ভাবন ও তথ্য-উপাত্ত সংগ্রহ ব্যবস্থা কার্যকর বলে বিবেচিত হয়েছে, ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করা হয়।
মতামত প্রদানকালে স্থায়ী প্রতিনিধি বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) বাস্তবায়ন করতে গিয়ে স্বল্পোন্নত দেশসমূহ যেসকল চ্যালেঞ্জ মোকাবিলা করছে সেক্ষেত্রে সহযোগিতা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে”।
উল্লেখ্য বাংলাদেশ স্বল্পোন্নত দেশসমূহের বৈশ্বিক সমন্বয়কারী। এসডিজির এসকল চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্পোন্নত দেশসমূহ অনেক ক্ষেত্রে দেশীয় জ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করছে মর্মে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, “প্রতিবেশগত অভিযোজন নীতির বাস্তবায়নে বাংলাদেশ স্থানীয় জ্ঞান ব্যবহার করে জনগণ ও স্থানীয় সরকারের যৌথ প্রচেষ্টায় সফলতার সাথে কাজ করে যাচ্ছে। আমরা দূর্যোগ ঝুকিহ্রাস ব্যবস্থাপনা গ্রহণ করেছি যা অত্যন্ত কার্যকর একটি পদক্ষেপ। দুর্যোগ মোকাবিলায় জাতীয়ভাবে আমরা যে সক্ষমতা তৈরী করেছি সে অভিজ্ঞতা আমরা স্বল্পোন্নত দেশগুলোর সাথে বিনিময় করছি”।
তথ্য-প্রযুক্তি ও তথ্য-উপাত্ত সংগ্রহ ব্যবস্থা বিষয়ক আলোচনায় স্থায়ী প্রতিনিধি বাংলাদেশের প্রসঙ্গ টেনে বলেন, “বাংলাদেশ মানসম্মত উপাত্ত সরবরাহ এবং উপাত্ত সংগ্রহ নেটওয়ার্ক বৃদ্ধির উপর গুরুত্ব দিয়েছে। আমাদের পরিসংখ্যান ব্যুরো ড্যাটা ওয়ারহাউজ প্রতিষ্ঠা করতে যাচ্ছে”।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তাঁর কার্যালয় ‘একসেস টু ইনফরমেশন’ প্রকল্প বাস্তবায়ন করছে যা সহজলভ্য, মানসম্মত ও নির্ভরযোগ্য সেবামূলক তথ্য-প্রযুক্তির উদ্ভাবনী গবেষণাগার হিসেবে ইতোমধ্যে আন্তর্জাতিক মহলে পরিচিতি পেয়েছে। এছাড়া সরকার পাঁচ হাজারেরও বেশী ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা, ৪৩ হাজারেরও বেশী দপ্তরের ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম জাতীয় ওয়েভ পোর্টাল তৈরিসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এসকল পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে সরকার মানুষের দোড়গোড়ায় তথ্য-প্রযুক্তির সেবা পৌঁছে দিচ্ছে”।
ইকোসকের ভাইস প্রেসিডেন্ট মি. ক্রিসটিয়ান ব্যরোজ মিলেট এ সভায় সভাপতিত্ব করেন। উল্লেখ্য, গত ১০ জুলাই থেকে শুরু হওয়া এইচএলপিএফ-এর কর্মসূচি আগামী ১৯ জুলাই পর্যন্ত চলবে। এইচএলপিএফ-এর এবারের অধিবেশনে বাংলাদেশ এসডিজি বাস্তবায়নের জাতীয় রিপোর্ট ‘ভলান্টারি ন্যাশনাল রিভিউ’ সেশনে উপস্থাপন করবে। ১৭ থেকে ১৯ জুলাই এর কর্মসূচিতে এইচএলপিএফ-এর মন্ত্রী পর্যায়ের সভায় নেতৃত্ব দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দল। আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল করিমসহ এইচএলপিএফ-এ অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যগণ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ