প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে নিউইয়র্কে পাল্টাপাল্টি কর্মসূচি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো শেখ হাসিনাকে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ‘সংবর্ধনা’, জাতিসংঘের সামনে ‘শান্তি সমাবেশ’ ও টাইমস স্কয়ার সংলগ্ন একটি হোটেলে ‘নাগরিক সংবর্ধনার’ কর্মসূচি ঘোষণা করেছে।
অপরদিকে, জাতিসংঘে শেখ হাসিনার ভাষণের সময় বাইরে স্থানীয় জামায়াত সমর্থকরা ‘বিক্ষোভ’ করার প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। স্থানীয় বিএনপি সমর্থকরা জাতিসংঘের সামনে ‘বিক্ষোভের কর্মসূচি’ চূড়ান্ত করেছে।
শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে নিউইয়র্ক সিটির বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে ইতোমধ্যে পোস্টার দেখা গেছে। বাংলা ভাষার স্থানীয় গণমাধ্যমে এ সফরের সংবাদ গুরুত্ব দিয়ে প্রকাশিত হচ্ছে।
স্থানীয় সময় রোববার রাতে জ্যামাইকায় হিলসাইড অ্যাভিনিউতে একটি পার্টি হলে শেখ হাসিনার সফরের সমর্থনে স্থানীয় আওয়ামী লীগের সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, জেষ্ঠ্য যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, প্রচার সম্পাদক এনাম, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী ও মাহবুবুর রহমান।
সিদ্দিকুর রহমান বলেন, “শেখ হাসিনার সম্মান হুমকির মুখে ঠেলে দেয়ার মত কোন ধরনের অপতৎপরতাকে প্রশ্রয় দেয়া হবে না। প্রচলিত আইন অনুযায়ী গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাইকে সজাগ থাকতে হবে।”
নিজাম চৌধুরী বলেন, “শেখ হাসিনার আসন্ন সফরকে নিরাপদ ও সাফল্যমণ্ডিত করতে প্রতিটি মুজিব সৈনিকের দায়িত্ব অপরিসীম। গত সাড়ে তিন দশকে আটাশটি সংবর্ধনা সমাবেশের মতো এবারও বর্ণাঢ্য একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
অপরদিকে, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জেষ্ঠ্য সহ সভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, সোলায়মান ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল, যুবনেতা এম এ বাতিন ও স্টেট বিএনপির নেতা পারভেজ সাজ্জাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘কমিটি না থাকায় কাজকর্মে আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেক নেতা-কর্মী। তবে বিএনপির আদর্শে বিশ্বাসী প্রতিটি প্রবাসীর মত আমরাও জাতিসংঘের বাইরে শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভ দেখাবো।”
জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা হিসেবে ১৭ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসছেন শেখ হাসিনা। ২১ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা। এর আগে ১৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে ভাষণ দেবেন শেখ হাসিনা।
২২ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে তার নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ওয়াশিংটন ডিসিতেই অবস্থান করবেন বলে জানা গেছে। বিডিনিউজ
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান