লন্ডন মিশনে প্রথম নারী হাইকমিশনার সাঈদা মুনার যোগদান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বৃটেনে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে সাঈদা মুনা তাসনিম যোগদান করেছেন। লন্ডন মিশনের প্রথম নারী হাইকমিশনার মুনা বিদায়ী হাইকমিশনার মো. নাজমুল কাওনাইনের স্থলাভিষিক্ত হলেন। হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। তবে মুনার বৃটেনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে রানীর দেখা পাওয়ার অপেক্ষায় থাকতে হবে। এই শীতেই মুনা রানীর দেখা পাওয়ার চেষ্টায় রয়েছেন। তবে এখনো পরিচয়পত্র পেশের সময় নির্ধারিত হয়নি। নবনিযুক্ত হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তার নতুন দায়িত্ব নিতে গত সোমবার লন্ডনে পৌঁছান। সেখানে বৃটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের প্রতিনিধি ছাড়াও ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ জুলকার নাইন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে নিযুক্ত সহকারী হাইকমিশনারগণ এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। পেশাদার কূটনীতিক সাঈদা মুনা তাসনিম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস)-এর ১১তম ব্যাচের একজন কর্মকর্তা এবং তিনি ১৯৯৩ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। তিনি নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে এবং লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগ ও বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মুনা তাসনিম ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ব্যাচেলর অব সায়েন্স (প্রকৌশল) ডিগ্রি লাভ করেন। তিনি লন্ডনের স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্ট্যাডিজ থেকে পাবলিক পলিসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন। লন্ডনে হাইকমিশনার হিসেবে যোগ দেয়ার আগে তিনি থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। অন্যদিকে লন্ডনে দায়িত্বপালনকারী হাইকমিশনার নাজমুল কাওনাইন থাইল্যান্ডে রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিমের স্থলাভিষিক্ত হয়েছেন।
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি