ক্যামেরায় সেরা যে তিন ফোন
মোবাইল ফোনেই এখন এত ভালো ছবি তোলা যায় যে সঙ্গে আলাদা করে ক্যামেরা নেওয়ার দরকার পড়ে না। যদিও সিঙ্গেল লেন্স রিফ্লেক্স (এসএলআর) ক্যামেরার জায়গা স্মার্টফোন দখল করতে পারছে না। এর পরও স্মার্টফোনের ক্যামেরা দিয়ে ভালো মানের ছবি তুলছেন অনেকে। গুগলের নেক্সাস ৬, এলজির জি৩-এর মতো হাই এন্ডের স্মার্টফোন দিয়ে ভালো ছবি তুলতে পারবেন। কিন্তু আপনি কী শুধু ভালো ছবিতেই সন্তুষ্ট? কয়েকটি ফোন আছে, যা আপনার কাঙ্ক্ষিত ছবির জন্য আদর্শ হতে পারে। এমএসএন নিউজে এই তিনটি স্মার্টফোন নিয়ে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন।
আইফোন ৬ ও আইফোন৬ প্লাস (৬৪৯ ও ৭৪৯ মার্কিন ডলার থেকে শুরু)
গত বছরে শীর্ষ ক্যামেরা ফোন হিসেবে বিশ্লেষকেদের চোখে স্থান পেয়েছিল আইফোন ৫এস। এ বছর আইফোন৬ ও আইফোন৬ প্লাসে ক্যামেরা প্রযুক্তিকে আরও উন্নত করেছে অ্যাপল। এতে আরও দ্রুতগতির ও নিখুঁত ফোকাস সুবিধা যুক্ত হয়েছে। চলমান বস্তুর ছবি তুলতেও নতুন আইফোন কার্যকর। ইনডোরে বা রাতের বেলা ছবি তোলা হলেও তা অস্বচ্ছ হয় না। অনেক ক্যামেরা ফোনে বেশিক্ষণ শাটার খোলা রাখলে ছবি ঘোলা হয়। এ ছাড়া আইফোন৬ প্লাসে ব্লার বা অস্বচ্ছ ছবি ঠেকাতে অ্যান্টি-শেক প্রযুক্তি রয়েছে যাতে কাঁপা কাঁপা হাতে ছবি তুললেও তাতে স্বচ্ছ ছবি ওঠে।
যাঁরা বড় স্ক্রিনের জন্য ফোন কিনবেন, তাঁদের জন্য আইফোন৬ প্লাস ভালো হবে। অ্যাপল নতুন আইফোনে বেশি মেগাপিক্সেল যোগ করেনি, তবে ৮ মেগাপিক্সেলের ক্যামেরাকে আরও উন্নত করেছে। এতে যুক্ত হয়েছে ট্রু টোন ফ্ল্যাশ ও ১.৫ মাইক্রন পিক্সেল সেন্সর। এ ছাড়াও দ্রুতগতির অটোফোকাস ক্যামেরার জন্য ফোকাস পিক্সেল যুক্ত করেছে অ্যাপল।
বর্তমানে সেলফি এখন তুমুল জনপ্রিয়। অ্যাপলও এ জোয়ারে গা ভাসিয়েছে। নতুন আইফোনের সামনের ক্যামেরাও সেলফি তোলার জন্য উন্নত হয়েছে। উন্নত ‘ফেস ডিটেকশন’ প্রযুক্তি সুবিধায় ফেসটাইম এইচডি ক্যামেরা যুক্ত হয়েছে নতুন আইফোনে।
আইফোন৬-এ রয়েছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এতে অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ, অ্যাপারচার সাইজ এফটু ডট টু, ব্যাক ইলুমিনেটেড সেন্সর, অটো ফোকাস, ফেস ডিটেকশন, টাচ টু ফোকাস, ডিজিট্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ডিজিটাল জুম, জিও ট্যাগিং, এইচডিআর প্যানোরমা। এর সামনেও রয়েছে ১.২ মেগাপিক্সেলের ক্যামেরা।
অবশ্য আইফোনে তোলা ছবির রেজুলেশন সবসময় যে ভালো হয় তা বলা যাবে না। কোনো নির্দিষ্ট পরিবেশে আইফোনের চেয়ে অন্যান্য ফোন ভালো ছবি তুলতে পারলেও বেশ কিছু ক্ষেত্রে ক্যামেরা ফোন হিসেবেও আইফোনই সেরা।
স্যামসাং গ্যালাক্সি নোট ৪ ও নোট এজ (৭০০ ও ৮৪০ মার্কিন ডলার থেকে শুরু)
রংসমৃদ্ধ ছবি বলতে নোট ফোনে তোলা ছবিকেই সেরা বলতে হবে। নোট ৪ দিয়ে তোলা ছবি দেখে বন্ধুরা ‘চমত্কার’ ছবি বলতে বাধ্য। নোটের সঙ্গে থাকা অ্যামোলেড স্ক্রিন প্রযুক্তি তাতে অনেকটাই অবদান রাখে। কিন্তু যখন সাধারণ এলসিডি স্ক্রিনের ল্যাপটপে ওই ছবি দেখা হয়, তখনো প্রায় কাছাকাছি রং পাওয়া যায়। কিন্তু অনেক সময় নোটে আবার মাত্রাতিরিক্ত রং প্রদর্শন করে বলে তা সফটওয়্যার দিয়ে ঠিক করা লাগে। উদাহরণ হিসেবে বলা যায় যখন ইনডোরে মুখের ছবি তোলা হয়, তখন এতে কমলা রং বেশি দেখা যায়। রং প্রদর্শনে আইফোন৬ নোট ৪-এর চেয়ে পিছিয়ে থাকলেও স্বাভাবিক ছবি তোলার জন্য আবার আইফোনই ভালো। নোটের ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের। অবশ্য বেশি মেগাপিক্সেল মানেই যে ভালো ছবি তা নয়। এই ফোনে কম আলোতে ভালো ছবি ওঠে। এমনটি এতে অ্যান্টি শেকিং প্রযুক্তি আছে যাতে হাত কাপলেও ছবি ভালো ওঠে।
মাইক্রোসফট লুমিয়া আইকন (৪৯৯ মার্কিন ডলার)
ক্যামেরা ফিচারের ফোন হিসেবে আরেকটি উল্লেখযোগ্য ফোন হচ্ছে মাইক্রোসফট লুমিয়া আইকন। মাইক্রোসফটের ফ্ল্যাগশিপ এই স্মার্টফোনটিতে রয়েছে পাঁচ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এর বেসিক কানেক্টিভিটি সুবিধার মধ্যে আছে ওয়াইফাই, হটস্পট, এটুডিপি ব্লুটুথ, মাইক্রোইউএসবি ২.০। উচ্চগতির থ্রিজি ও ফোরজি নেটওয়ার্ক সমর্থন করে এটি। স্মার্টফোনটিতে রয়েছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরার লেন্স কার্ল জেইস প্রযুক্তির। এ ছাড়াও আছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ । নিখুঁত ও সর্বোচ্চ কোয়ালিটির ছবির পাশাপাশি ছবি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার মতো বেশ কিছু ফিচার রয়েছে এতে। ফ্ল্যাশ, কালার ব্যালেন্স, শাটার স্পিড, আইএসও, এক্সপোজার ইত্যাদি ডিএসএলআরের মতো ম্যানুয়ালি নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া ফোনটির ফ্রন্ট ক্যামেরা ১.২ মেগাপিক্সেল।
এ বছরের সেরা ১০ মোবাইল ফোন
এ বছরে মোবাইল ফোনের বাজারে বেশ কিছু নতুন ফোনের দেখা মিলেছে। শুধু কমদামের অ্যান্ড্রয়েডের স্মার্টফোনই নয়, এ বছর দেখা গেছে বেশ কয়েকটি প্রিমিয়াম স্মার্টফোন। নতুন এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো ব্যবহারকারীদের স্মার্টফোন অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে। এ বছরে বাজারে আসা নামকরা ১০টি স্মার্টফোন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।
আইফোন৬ প্লাস
দীর্ঘ জল্পনা-কল্পনার পর ফ্যাবলেটের বাজারে ৫.৫ ইঞ্চি মাপের আইফোন৬ প্লাস দিয়ে পা রেখেছে অ্যাপল। স্মার্টফোন ও ট্যাবলেট উভয় যন্ত্রের মজা নিতে পারছেন আইফোন৬ প্লাস ব্যবহারকারীরা। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোনের মধ্যে এটিই সেরা। কারণ এতে রয়েছে উন্নত ক্যামেরা, উন্নত পারফরম্যান্স ও দীর্ঘক্ষণ ব্যাটারি ব্যাকআপের সুবিধা। ফুল এইচডি ডিসপ্লের কারণে এই ফোনটি এ বছর সবার নজর কেড়েছে। নকশার নিয়ে অ্যাপল সমালোচকদের মুখও বন্ধ করতে পেরেছে আইফোন ৬প্লাস। বাংলাদেশের বাজারে ১৬ জিবি মডেলের আইফোন বিক্রি হচ্ছে ৮৫ হাজার টাকায়।
স্যামসাং গ্যালাক্সি নোট৪
বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা স্যামসাং ইলেকট্রনিকস ৩ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে গ্যালাক্সি নোট স্মার্টফোনের নতুন সংস্করণ ‘নোট ৪’ উন্মুক্ত করেছিল। হাই-এন্ডের ফ্যাবলেটকে আরও আপগ্রেড করে, আরও উন্নত নকশার গ্যালাক্সি নোট ৪ উন্মুক্ত করেছে স্যামসাং। হালকা-পাতলা ও উন্নত নকশার গ্যালাক্সি নোট ৪ স্যামসাংয়ের প্রিমিয়াম পণ্য হিসেবে এরই মধ্যে বাজারে জনপ্রিয় হয়েছে। বাংলাদেশের বাজারে ৩১ অক্টোবর থেকে ৮০ হাজার টাকায় বিক্রি শুরু হয় গ্যালাক্সি নোট ৪ স্মার্টফোনটির। বাংলাদেশের বাজারে ৩১ অক্টোবর থেকে ৮০ হাজার টাকায় চারকোল ব্ল্যাক ও ফ্রস্ট হোয়াইট রঙের গ্যালাক্সি নোট ৪ পাওয়া যাচ্ছে। এ ছাড়া প্রতি মাসে ছয় হাজার ৬৬৭ টাকার মাসিক কিস্তিতে মোট ১২ মাসে মূল্য পরিশোধে এই স্মার্টফোনটি কেনার সুযোগ দিচ্ছে স্যামসাং। নোট সিরিজের সর্বশেষ এই সংস্করণে আছে গ্যালাক্সি ডিজাইন ল্যাঙ্গুয়েজ, এস পেন, যা ব্যবহারকারীকে লেখার দারুণ অভিজ্ঞতা দিতে পারে। ধাতবকাঠামোর স্মার্টফোনটির ডিসপ্লে ৫.৭ ইঞ্চি মাপের। নতুন স্মার্টফোনটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে তা গেমারদের আকর্ষণ করে। এর জন্য স্টাইলাস পেনকে আরও উন্নত করা হয়েছে। বড় স্ক্রিনের সুবিধা নিয়ে যাতে মাল্টিটাস্কিং করা যায়, তার জন্য বেশ কিছু ফিচার এসেছে নোট ফোরে। স্মার্টফোনটির পেছনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা।
মটো জি (দ্বিতীয় সংস্করণ)
মটোরোলার জনপ্রিয় সাশ্রয়ী স্মার্টফোন মটো জির দ্বিতীয় সংস্করণ এ বছর বাজারে এসেছে। দ্বিতীয় সংস্করণের এই স্মার্টফোনটিও বাজেটের মধ্যেই। দেশের বাজারে ২০ হাজার টাকার মধ্যে এ ফোনটি কিনতে পাওয়া যায়। এ বছরের সেপ্টেম্বরে বাজারে আসা স্মার্টফোনটির পেছনে রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা। পাঁচ ইঞ্চি মাপের স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড কোর প্রসেসর ও এক জিবি র্যাম। গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ অ্যান্ড্রয়েড ললিপপ প্রথম এই ফোনটিতেই পাওয়া যাবে।
এক্সপেরিয়া জেড৩
স্যামসাংয়ের গ্যালাক্সি এস৫, এইচটিসির এম৮ ও আইফোন ৬ কে টেক্কা দিতে জাপানের প্রযুক্তিপণ্য নির্মাতাপ্রতিষ্ঠান সনি বাজারে এনেছে সনি এক্সপেরিয়া জেড৩ স্মার্টফোনটি। ফিচার ও সেন্সরে ঠাসা ফোনটির ব্যবহার অভিজ্ঞতা অসাধারণ বলেই জানান বিশেষজ্ঞরা। মোবাইলের সচরাচর কাজের পারফরম্যান্স বিবেচনা, ব্যাটারি ব্যাকআপ ও মোবাইল গেম খেলার দিক থেকে সনির এই সেটটিকে ভালো নম্বর দেন বিশেষজ্ঞরা। এ ছাড়া অডিও অভিজ্ঞতাও দারুণ। এতে রয়েছে ওয়াই অ্যাঙ্গেল লেন্সযুক্ত ২০ মেগাপিক্সেল ক্যামেরা। আন্তর্জাতিক বাজারে এই ফোনটির দাম ৬৩০ মার্কিন ডলারের কাছাকাছি।
ওয়ানপ্লাসওয়ান
ওয়ানপ্লাসওয়ান স্মার্টফোনটি এরই মধ্যে ‘ফ্ল্যাগশিপ কিলার’ ফোন হিসেবে বাজারে পরিচিতি পেয়েছে। হাই-এন্ডের হার্ডওয়্যার ও প্রিমিয়াম ডিজাইন এই ফোনটিকে এশিয়ার বাজারে বেশ জনপ্রিয় করে তুলেছে। উন্নত হার্ডওয়্যার দিয়ে তৈরি হলেও এই ফোনটির দাম ক্রেতাদের বেশি আকৃষ্ট করেছে। বাংলাদেশে ৩০ হাজার ৭০০ টাকার মধ্যে এই ফোনটি পাওয়া যায়। বিশ্লেষকেরা ওয়ানপ্লাসওয়ান স্মার্টফোনটিকে পারফরম্যান্সের পাওয়ার হাউস বলেন। তিন জিবি র্যাম, ২.৫ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসরের সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ফোনটিতে সাইনোজেন মোড অপারেটিং সিস্টেম যা অ্যান্ড্রয়েডের বিশেষ কাস্টোমাইজড সংস্করণ।
অপো ফাইন্ড ৭
এ বছরে বাজারে আসা আরেকটি শীর্ষ প্রিমিয়াম ফোন হচ্ছে অপো ফাইন্ড ৭। প্রযুক্তি বিশ্লেষকদের চোখে ‘অপো ফাইন্ড ৭’ নামের ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে উন্নত ডিসপ্লে, দ্রুতগতিতে চার্জ দেওয়ার সুবিধা আর শক্তিশালী হার্ডওয়্যারের জন্য শীর্ষস্থানীয় একটি ফোন। ফোরজি নেটওয়ার্ক সুবিধার স্মার্টফোনটিতে রয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি মাপের সাধারণ এইচডির চেয়েও দ্বিগুণ রেজুলেশনের ডিসপ্লে। অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনটিতে সুপার জুম মোডে ৫০ মেগাপিক্সেল মানের ছবি পাওয়া যায়। স্ন্যাপড্রাগন প্রসেসরচালিত স্মার্টফোনটির র্যামই তিন গিগাবাইট। এ ছাড়া তিন হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোনটিতে ভিওওসি চার্জার রয়েছে, যাতে দ্রুত চার্জ দেওয়া যায়। বাংলাদেশের বাজারে ৪৯ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে অপো ফাইন্ড ৭ স্মার্টফোনটি।
জিওমি এমআই৩
এ বছর বাজারে আসা আরেকটি নজরকাড়া ফোন হচ্ছে জিওমি এমআই৩। এর হার্ডওয়্যারকে গুগলের নেক্সাস৫-এর সঙ্গে তুলনা করা চলে। কিন্তু এর দাম আবার অনেকটাই কম। বাজার বিশ্লেষকেরা বলেন, জিওমির এই ফোনটিতে উন্নত হার্ডওয়্যার ও সফটওঢয়্যার পারফরম্যান্সের কারণে এটি অনেকেই পছন্দ করেন। স্মার্টফোনটিতে রয়েছে ২.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর ও দুই জিবি র্যাম। ফুল এইচডি ডিসপ্লের এই ফোনটির দাম প্রায় ৭০০ মার্কিন ডলার।
এইচটিসি ওয়ান এম৮
তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসির জনপ্রিয় স্মার্টফোন এইচটিসি ওয়ানের উন্নত সংস্করণ হচ্ছে এইচটিসি ওয়ান এম৮। ব্যতিক্রম ডিজাইন ও নতুন ফিচারযুক্ত এই স্মার্টফোনটির অ্যালুমিনিয়াম কাঠামোর। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত স্মার্টফোনে রয়েছে আলট্রাপিক্সেল ক্যামেরা ফিচার। ২.৩ গিগাহার্টজের কোয়ালকম প্রসেসর ও দুই জিবি র্যাম সুবিধার স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডনির্ভর। স্মার্টফোনটির দাম ৬০০ মার্কিন ডলার।
মটো এক্স সেকেন্ড জেনারেশন
দ্বিতীয় প্রজন্মের মটো এক্সকে শুধু আগের প্রজন্মের আপডেট বলা যাবে না। এটি সম্পূর্ণ নতুন একটি ফোন। এতে ব্যবহৃত হয়েছে অ্যালুমিনিয়াম কাঠামো। ৫.২ ইঞ্চি মাপের এই স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েঝে ২.৫ গিগাহার্টজের কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮০১ প্রসেসর ও দুই গিগাবাইট র্যাম। মটো এক্সে যে অ্যাকটিভ ডিসপ্লে ও টাচলেস কন্ট্রোল সুবিধা ছিল এক্স২তে সেই সুবিধা আরও উন্নত হয়েছে। এই স্মার্টফোনটির ক্যামেরা দিয়ে ৪ কে মানের ভিডিও করা যায়। এ ছাড়াও স্লো মোশনে ভিডিও করার সুবিধাও রয়েছে এতে। যুক্তরাষ্ট্রে এই ফোনটির দাম ৭০০ ডলারের কাছাকাছি।
লুমিয়া ৮৩০
হাই-এন্ড ও মিড রেঞ্জের ফোনের মধ্যে পার্থক্য ঘোচাতে মাইক্রোসফট বাজারে এনেছে লুমিয়া ৮৩০ মডেলের ফোনটি। মাইক্রোসফটের দামি প্রিমিয়াম ফোনের সব ফিচার সুবিধা দিয়ে সাশ্রয়ী দামে বাজারে ছাড়া হয়েছে এই লুমিয়া ফোনটি। ধাতবকাঠামোর উন্নত গঠনের এই স্মার্টফোনটিতে তোলা ছবির মান বেশ ভালো। উইন্ডোজ ফোন সফটওয়্যার চালিত এই ফোনটির হার্ডওয়্যার পারফরম্যান্সও ভালো বলেই প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করেন। স্মার্টফোনটির দাম ৩৩০ ইউরোর কাছাকাছি। মাইক্রোসফট জানিয়েছে, লুমিয়া ৮৩০ স্মার্টফোনটি হচ্ছে এখন পর্যন্ত মাইক্রোসফটের সবচেয়ে হালকা-পাতলা ফোন। লুমিয়া ৮৩০ স্মার্টফোনটিতে রয়েছে ১০ মেগাপিক্সেলের পিউরভিউ ক্যামেরা যাতে রয়েছে কার্ল জেইস অপটিকস, এলইডি ফ্ল্যাশ, হালকা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা। এই স্মার্টফোনটির সামনে থাকছে এক মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটিতে ইনবিল্ট ফিচার হিসেবে রয়েছে নোটিফিকেশন সেন্টার, লাইভ টাইলস, মাইক্রোসফট অফিস, কর্টানা, ওয়ানড্রাইভ, লাইভ ফোল্ডার, অ্যাপস কর্নারসহ হালনাগাদ গ্ল্যান্স স্ক্রিন ও অধিক নিরাপত্তা সুবিধা। পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লে যুক্ত এই স্মার্টফোনটিতে রয়েছে কোয়াড কোর স্ন্যাপড্রাগন প্রসেসর, এক জিবি র্যাম। এতে ১৬ জিবি ইনবিল্ট স্টোরেজ সুবিধা থাকছে। ২২০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধার এই স্মার্টফোনটি তারবিহীন চার্জিং সুবিধাও সমর্থন করে।প্রথম আলো
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








