ডেমোক্রেটিক পার্টির আনুষ্ঠানিক মনোনয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় ওবামার সময় প্রার্থনা

ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আরও সময় চেয়েছেন। ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আগামী নির্বাচনের জন্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ওবামা। পার্টির মনোনয়ন গ্রহণ করে দেয়া ্বক্তব্যে তিনি চ্যালেঞ্জ মোকাবিলার জন্য এ সময় প্রার্থনা করেন। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি রিপাবলিকান দলের মনোনীত প্রার্থী মিট রমনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কনভেনশনের সমাপনী দিনে ওবামাকে আনুষ্ঠানিকভাবে পার্টির পক্ষ থেকে সর্বসম্মতভাবে মনোনয়ন দেয়া হয়। প্রেসিডেন্ট নির্বাচনে তার রানিংমেট হিসেবে থাকছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। পার্টির সম্মেলনে ব্যাপক সমর্থন পান বারাক ওবামা। অর্ধেক ভোটারকে ডাকার আগেই মনোনয়নের জন্য প্রয়োজনীয় ২ হাজার ৭৭৭ জন প্রতিনিধির সমর্থন পেয়ে যান ওবামা। মনোনয়ন গ্রহণ করে উচ্ছ্বসিত ওবামা ভাষণে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে তাকে সমর্থন দেয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। মনোনয়ন গ্রহণ শেষে দেয়া ভাষণে বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার লক্ষ্য এবং রিপাবলিকানদের নীতি ও প্রতিশ্রুতির পার্থক্য তুলে ধরেন এবং ২০০৮ সালে প্রথমবার নির্বাচনের সময় দেয়া তার প্রতিশ্রুতি ‘থিম অব হোপ’ পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের অঙ্গীকার করেন। তিনি বলেন, আমি কখনই বলিনি যাত্রা সহজ হবে, তাই আমি নতুন কোন প্রতিশ্রুতি দিতে চাচ্ছি না। নর্থ ক্যারোলিনার শার্লোতের উপকণ্ঠে অবস্থিত বিশাল স্টেডিয়ামে প্রেসিডেন্ট ওবামার ভাষণ দেয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে কনভেনশন সেন্টারের ভেতরে স্থাপিত মঞ্চে তার ভাষণ দেয়ার ব্যবস্থা করেন আয়োজকরা। ওবামার বক্তৃতার আগে তার রানিংমেট হিসেবে মনোনয়ন পাওয়া ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এক আবেগময় ভাষণ দেন। তিনি তার ভাষণে দেশের গাড়ি নির্মাণ শিল্পকে দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচাতে ‘বেইল আউট’ কর্মসূচির পরিকল্পনা এবং আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যার নির্দেশ দেয়ার মতো সাহসী সিদ্ধান্ত নেয়ার জন্য ওবামার প্রশংসা করেন। তার ভাষণ শেষ হওয়ার পর মঞ্চে উঠে আসেন প্রেসিডেন্ট ওবামা। ভাষণে তাকে মনোনয়ন দেয়ার জন্য ডেমোক্রেটিক পার্টির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নিজের ভাষণে রিপাবলিকান দলের নীতির কঠোর সমালোচনা করে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের দৃষ্টিতে আমেরিকার জন্য যা কিছু ভুল সে সম্পর্কে কথা বলতে তারা আনন্দ বোধ করে, কিন্তু এগুলো কিভাবে সমাধান করবেন সে সম্পর্কে কিছুই বলেন না। পাশাপাশি তিনি রিপাবলিকানদের সাবেকি ধ্যান ধারণার প্রতি বিদ্রূপ করে বলেন, তারা জাতির সামনে একই প্রেসক্রিপশন উপস্থাপন করছেন, যা গত ত্রিশ বছর ধরে তারা দিয়ে আসছেন। ওবামা সম্মেলন কক্ষে থাকা প্রতিনিধি ও বাড়িতে টেলিভিশনে যেসব ভোটাররা তার বক্তব্য শুনছেন তাদের উদ্দেশ্যে বলেন, জাতির এই সমস্যা দশকব্যাপী সময়ে তৈরি হয়েছে। মুহূর্তেই সেটি দূর করা সম্ভব হবে না। কিন্তু যখন ভোট দেয়ার জন্য আপনি ব্যালট পেপারটি হাতে নেবেন, তখন আপনার সময়ের সবচেয়ে পরিষ্কার সিদ্ধান্তটি গ্রহণের মুখোমুখি হবেন। তিনি আরও বলেন, আগামী কয়েক বছরে কর্মক্ষেত্র ও অর্থনীতি, কর ও ঘাটতি, বিদ্যুৎ এবং শিক্ষা, যুদ্ধ ও শান্তি ইত্যাদি অনেক ক্ষেত্রেই বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ওয়াশিংটনকে। আসন্ন দশকে এসব সিদ্ধান্তই আমাদের সবার জীবন ও শিশুদের ওপর ব্যাপক প্রভাব রাখবে। নিজের জ্বালানি নীতি নিয়ে কথা বলতে গিয়ে ওবামা বলেন, আমি মিলিয়ন মিলিয়ন একর নতুন ভূমিকে তেল ও গ্যাসক্ষেত্র উন্নয়নের জন্য খুলে দিয়েছি এবং নির্বাচিত হলে আরও দেবো। কিন্তু প্রতিপক্ষদের মত তেল কোম্পানিগুলোকে আমার দেশের জ্বালানি নীতি লিখতে দেবো না। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে রমনি ও তার রানিংমেট পল রায়ানের অনভিজ্ঞতার কথা উল্লেখ করে ওবামা তাদের পররাষ্ট্র বিষয়ে নবিশ বলে উল্লেখ করেন। ভাষণ শেষে তিনি সমবেত সমর্থকদের উদ্দেশ্যে তাকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, একমাত্র আপনাদেরই ক্ষমতা আছে আমাদের কাজ সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। এদিকে ওবামার ভাষণের পর রমনির পার্টির পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে ওই ভাষণের প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, আজ রাতের বক্তৃতায় ওবামা তার পুরনো প্রতিশ্রুতিগুলোরই পুনরাবৃত্তি করেছেন, যা গত চার বছরে বাস্তবায়িত হয়নি। সেখানে আরও বলা হয়, তিনি অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু গত চার বছরে তিনি কিছুই করে দেখাতে পারেননি। এখন পর্যন্ত সর্বশেষ জনমত জরিপে অবশ্য ওবামা রমনির থেকে এগিয়ে আছেন। সর্বশেষ জনমত জরিপে ওবামার প্রতি জনসমর্থন ৪৭ শতাংশ ও রমনির প্রতি ৪৬ শতাংশ।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








