ডেসটিনির গ্রাহকদের স্বার্থে কমিশন গঠন হচ্ছে
মুন্না রায়হান : ডেসটিনির গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে একটি কমিশন গঠনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, মুনাফার লোভ দেখিয়ে নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা বন্ধে মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি যুব কর্মসংস্থান সোসাইটির (যুবক) মতো ডেসটিনির বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেয়া হবে। গতকাল শনিবার সচিবালয়ে সফররত যুক্তরাজ্যের এক কাউন্সিলরের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান ।
অর্থমন্ত্রী বলেন, ‘যুবক’-এর সম্পদ জব্দ করায় তারা সব সম্পদ স্থানান্তর (ট্রান্সফার) করতে পারেনি। সেই অর্থ থেকে গ্রাহকদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে দেওয়া গেছে। একইভাবে ডেসটিনির ক্ষেত্রেও একটি কমিশন করা হবে। ইতিমধ্যে অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলো কমিশন গঠন নিয়ে আলোচনা শুরু করেছে বলে তিনি জানান। অর্থমন্ত্রী বলেন, পত্র-পত্রিকায় ডেসটিনি নিয়ে এতো লেখালেখি হয়েছে যে, এখন একটা ‘ইমার্জেন্সি’ পরিস্থিতির মতো সৃষ্টি হয়েছে। এ অবস্থায় সরকার কোনো অ্যাকশন না নিয়ে থাকতে পারে না।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এমএলএম কোম্পানিগুলো কো-অপারেটিভের সঙ্গে গোলমাল পাকিয়ে ফেলে। এটা একটা সমস্যা। তিনি বলেন, সরাসরি বিক্রয় আইনের (ডাইরেক্ট সেলস অ্যাক্ট) খসড়া হয়েছে। নিয়ন্ত্রণের জন্য এখানে আলাদা সংস্থা গঠনের কথা বলা হয়েছিল। মন্ত্রণালয় এতে আপত্তি জানিয়েছে। এখন যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, দেশে নিবন্ধিত এমএলএম কোম্পানির সংখ্যা ৬২। এর মধ্যে ডেসটিনি-২০০০ এর গ্রাহক সংখ্যা প্রায় ৭০ লাখ। ডেসটিনির বিরুদ্ধে অবৈধ ব্যাংকিং ব্যবসার অভিযোগে গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন ছাপা হলে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। বাংলাদেশ ব্যাংকও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো তাদের লিখিত প্রতিবেদনে ডেসটিনির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে একটি তদন্ত কমিটি গঠনের সুপারিশ করে। এরপর গত ৪ এপ্রিল বিভিন্ন অবৈধ এমএলএম কোম্পানির প্রতারণার হাত থেকে মানুষকে রক্ষা করতে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির ঐ বৈঠকে দ্রুত এমএলএম আইন প্রণয়নেরও সুপারিশ করে কমিটি।
বাংলাদেশ ব্যাংকও গত ১ এপ্রিল জারি করা এক নির্দেশনায় বলেছে, দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন নামে কতিপয় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে ব্যাংক-ব্যবসার অনুরূপ ব্যবসা পরিচালনা করছে। এ ধরনের প্রতিষ্ঠান অস্বাভাবিক উচ্চ হারে সুদ ও আকর্ষণীয় মুনাফার লোভ দেখিয়ে জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। অনুমোদনবিহীন এসব প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে প্রতারিত হওয়ার আশংকা থাকায় এদের সাথে লেনদেন না করার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








