দ্রুত ক্রিকেটে ফিরবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব : ক্রিকেটে প্রত্যাবর্তনে নিউইয়র্কে সুধীজনের সাথে শুভেচ্ছা বিনিময় (ভিডিও)
ইউএসএনিউজঅনলাইন.কম : দ্রুত ক্রিকেটে ফিরবেন বলে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট অঙ্গনে প্রত্যাবর্তন উপলক্ষে নিউইয়র্কে ২৭ অক্টোবর মঙ্গলবার রাতে আয়োজিত এক সুধী সমাবেশে এ কথা জানান বিশ্ববরেণ্য ক্রিকেটার সাকিব আল হাসান। ‘শো-টাইম মিউজিক’র উদ্যোগে কুইন্স প্যালেসের এ অনুষ্ঠানে সাকিব জানান, আগামী ৪ নভেম্বর দেশে ফিরছেন তিনি। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গেও রয়েছে তাঁর সার্বক্ষণিক যোগাযোগ।

নিয়মতান্ত্রিক উপায়েই তিনি দ্রুত ক্রিকেটে ফিরবেন। এসময় তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ সামনের দিনগুলোতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে ভালো করবে বলেই তাঁর বিশ্বাস। তিনিও তার সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। সাকিব আল হাসান তার ওপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বছরের নিষেধাজ্ঞা ওঠে যাওয়ার কয়েকঘণ্টা আগে এই কথাগুলো বলছিলেন। বাংলাদেশ ক্রিকেটের গর্ব সাকিবের আইসিসির বহিষ্কারাদেশের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা ২৮ অক্টোবর।

নিউইয়র্কের শো-টাইম মিউজিক (এসএমপি)’র কর্ণধার আলমগীর খান আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক শামীম আল আমিন। বিশ্ব ক্রিকেটের বরপুত্র সাকিবকে নিয়ে এটি ছিল এসএমপি’র চতুর্থ আয়োজন।

সামাজিক দূরত্ব বজায় রেখে আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে যোগ দিয়ে সাকিবকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। শুভ কামনা জানান নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন তাকে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন বিশ্ব বাংলা চ্যানেলের চেয়ারম্যান আকাশ খান, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকা’র সভাপতি আবদুর রহিম বাদশা, এন ওয়াই ইন্সুরেন্সের সিইও শাহ নেওয়াজ, ডা. চৌধুরী সরওয়ারুল হাসান, যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি আজিজুল হক খোকন, লায়ন আহসান হাবিব, রিয়েলেটর খায়রুল ইসলাম খোকন, দুলাল বেহেদু, বাংলাদেশ ক্লাবের শিবলী সাদিক, মাহফুজ হায়দার, তানভির এইচ চৌধুরী, রেদুয়ান হক, এক্সপার্ট গ্রুপের ইসতিয়াক রুমি, আবদুর রশিদ বাবু, শিল্পী সেলিম ইব্রাহিম, লিটু চৌধুরী প্রমুখ

সাকিব আল হাসান তাঁর বক্তব্যের শুরুতেই বিশ্বজুড়ে করোনা মহামারিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। করোনার মারাত্মক ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

নিষেধাজ্ঞার এক বছর পর ক্রিকেটে ফিরছেন, কেমন লাগছে এমন প্রশ্নের জবাবে বলেন, ভালো লাগছে। দোয়া করবেন, যেন দেশের জন্য ভালো খেলতে পারি। সে চেষ্টা থাকবে সব সময়ই। একটি বছর যে কারণে জীবন থেকে চলে গেল, সেটা নিয়ে কি তার কোনো আফসোস আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ভুল করেছিলেন তিনি। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছেন উল্লেখ করে ভবিষ্যতে এমন ভুল আর করবেন না বলে অঙ্গিকারও করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ ধরনের ভুল যেন কেউ না করে সেই উপদেশও দেন তিনি।

একটি বছর কিভাবে কেটেছে, এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘পরিবারকে সময় দিয়েছি। খেলায় ব্যস্ত থাকায় প্রথম সন্তানকে সময় দিতে পারিনি। দ্বিতীয় সন্তান সেটা পেয়েছে। বেবি সিটিং করেছি। অবশ্যই ক্রিকেটকে মিস করেছি।’
গোল্ডেন এইজ হোম কেয়ার ও বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সহায়তায় এ অনুষ্ঠানে নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশের সাবেক জাতীয় এবং আন্তর্জাতিক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রীড়া সংস্থা আমেরিকা ইনক’র প্রধান সমন্বয়কারী আব্দুর রহিম বাদশা ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ব ক্রিকেটের বরপুত্র সাকিবকে।

উল্লেখ্য, ক্রিকেটার সাকিব আল হাসানকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের এন্টি-করাপশন ইউনিটের পৃথক তিনটি অভিযোগে দোষী প্রমাণিত হওয়ায় এক বছর সাসপেন্ডসহ দুই বছরের জন্যে নিষিদ্ধ করা হয়েছিল। ২৮ অক্টোবর তার শাস্তির মেয়াদ শেষ হয়। ক্রিকেটে এ প্রত্যাবর্তনে প্রবাসের ক্রিকেট-প্রেমীরা সাকিবকে বরণ করে নেন প্রাণের আমেজে।

উল্লেখ্য, সাকিবের স্ত্রী-সন্তানেরা যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বাস করেন। তাদের সাথে কিছুদিন অতিবাহিত করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন সাকিব।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








