পানামা পেপারস কেলেঙ্কারি : অনাস্থা ভোটে রক্ষা পেলো মালটা সরকার
পানামা পেপারস কেলেঙ্কারিতে অল্পের জন্য রক্ষা পেয়েছে মালটা সরকার। দেশটির জ্বালানি মন্ত্রী কনরাড মিজিহ ও প্রধানমন্ত্রী জোসেফ মাসকাটের চিফ অব স্টাফ কিথ শিমব্রির নাম উঠে এসেছে ওই পেপারসে। এ জন্য সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হয়। এ নিয়ে পার্লামেন্টে দীর্ঘ ১৩ ঘন্টা উত্তপ্ত বিতর্ক হয়। এতে পার্লামেন্টের ৬৯ জন সদস্যের মধ্যে ৫০ জন তাদের বক্তব্য রাখেন। এরপর বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেন ৩১ জন। বিপক্ষে ভোট দেন ৩৮ জন সদস্য। এরপর প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট টুইটারে বলেছেন, আস্থার পক্ষে যে ভোট পড়েছে তা ছিল শক্তিশালী। এর ফলে আমরা যে শক্তি পেয়েছি তা ব্যবহার করে কঠোর কাজ অব্যাহত রাখবো এবং সে অনুযায়ী ফল পাবো। অন্যদিকে বিরোধী দলীয় নেতা সিমন বুসুটিল এ অবস্থায় সরকারকে সঙ্কটে ও দুর্নীতিতে নিমজ্জিত বলে বর্ণনা করেন। উল্লেখ্য, দ্বীপরাষ্ট্র মালটায় লেবার দলীয় সরকার ক্ষমতায়। পার্লামেন্টে তাদের রয়েছে আটটি আসনে সংখ্যাগরিষ্ঠতা। তবে বিরোধী দল যে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেছে তাতে দেশটির সরকারের প্রশাসনিক কাঠামো দৃশ্যত অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৩১টি। এক্ষেত্রে ক্ষমতাসীন দলের পক্ষ থেকে একজন সদস্য এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। উল্লেখ্য, এ মাসের শুরুর দিকে পানামার আইনী প্রতিষ্ঠান মোসাক ফনসেকার গোপন এক কোটি ১৫ লাখ ফাইল ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়া ওই ফাইলগুলো ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের কাছে। তা নিয়ে পরীক্ষা চলছে। বলা হচ্ছে এতে রয়েছে বেশ কয়েকজন বাংলাদেশীর নাম। এ সংক্রান্ত গোপন নথিগুলো আগামী মাসে প্রকাশ হওয়ার কথা রয়েছে। মোসাক ফনসেকার ওই গোপন ফাইলগুলোই পানামা পেপারস নামে পরিচিতি পেয়েছে। এতে মালটার জ্বালানি মন্ত্রী ও প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফের নাম প্রকাশ হয়ে পড়েছে। বলা হয়েছে এ দু’জন কর্মকর্তার নামে ক্যারিবিয় অঞ্চলে, পানামায়, দুবাইতে ও মিয়ামিতে ব্যাংক একাউন্ট খোলার নির্দেশনা দিয়েছিল মোসাক ফনসেকা। ওই ব্যাংক একাউন্ট খোলার সময় সেখানে জমা দেখানো হয় ১০ লাখ ডলার। তবে তাদের বিরুদ্ধে আনীত এ অভিযোগ অস্বীকার করেছেন জ্বালানি মন্ত্রী মিজি ও প্রধানমন্ত্রীর চিফ অব স্টাফ কিথ শিমব্রি। তাদের পদত্যাগ দাবিও উঠেছে। সে দাবিও প্রত্যাখ্যান করেছেন তারা। তবে প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট বলেছেন, এ বিষয়ে তদন্ত চলছে। ওই তদন্ত রিপোর্ট পর্যন্ত তিনি সিদ্ধান্ত গ্রহণের জন্য অপেক্ষা করবেন। উল্লেখ্য, পানামা পেপারস ফাঁস শুধু মালটায় নয়, বিশ্বের দেশে দেশে বাঘা বাঘা রাজনৈতিক ব্যক্তিত্বকে ফেলে দিয়েছে সীমাহীন বিপাকে। এরই মধ্যে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী সিগমুনদুর ডেভিড গানলাউগসন। অভিযোগ আছে তিনি অফসোর কোম্পানিতে গোপনে অর্থ বিনিয়োগ করেছেন। প্রথমদিকে এ অভিযোগ অস্বীকার করলেও তিনি পরে পদত্যাগে বাধ্য হন। ওদিকে গত শুক্রবার পদত্যাগে বাধ্য হয়েছেন স্পেনের শিল্প বিষয়ক মন্ত্রী জোসে ম্যানুয়েল সোরিয়া। অফসোর কোম্পানি থেকে সুবিধা নেয়ার কথা স্বীকার করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এরপর তার পদত্যাগ দাবি করা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। অফসোর কোম্পানিতে বিনিয়োগের অভিযোগ আছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, তার পুত্রবধু ঐশ্বরিয়া রাই বচ্চন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে। এ ছাড়াও বিশ্বের আরও অনেক নাম এ তালিকায় যুক্ত হয়েছে। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








