প্রধানমন্ত্রী ফরাসি বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক পেলেন

বাসস: বিশ্বে খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্যারিসের ডাউফিন ইউনিভার্সিটি গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মর্যাদাপূর্ণ স্বর্ণপদক ও ডিপ্লোমা প্রদান করেছে। বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপদান ও শক্তিশালীকরণ এবং নারীর ক্ষমতায়নে অবদানের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়। স্থানীয় সময় বিকেল ৪টায় ফ্যাকাল্টি সদস্য, শিক্ষাবিদ ও ছাত্রদের উপস্থিতিতে ক্যাম্পাসে এক অনুষ্ঠানে ডাউফিন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট লরা ব্যাটচ শেখ হাসিনার হাতে পদক এবং ডিপ্লোমা সনদপত্র তুলে দেন। এ সময় ব্যাটচ বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক রূপদান ও শক্তিশালীকরণ এবং নারীর ক্ষমতায়নে অবদানের জন্য সে দেশের প্রধানমন্ত্রীর নামে স্বর্ণপদক ও ডিপ্লোমা পুরস্কার ঘোষণা করতে পেরে ইউনিভার্সিটি গর্ববোধ করছে।’ সমবেত
.জনতার মুহুর্মুহু করতালি ও উল্লাসধ্বনির মধ্যে শেখ হাসিনা পদক ও সনদপত্র গ্রহণ করে তাকে এবং তার মাধ্যমে বাংলাদেশের জনগণকে এ সম্মান দেওয়ার জন্য ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, এ পুরস্কার দেশ ও জনগণের সেবায় আমাকে আরও উৎসাহিত করবে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অনুযায়ী ২০১৫ সালের মধ্যে দেশের এক কোটি ২০ লাখ লোককে দারিদ্র্যসীমা থেকে বের করে আনার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এবং বাংলাদেশ বর্তমানে কীভাবে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে তার বিস্তারিত বর্ণনা দেন। তিনি দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, তার জীবনের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের সেবা করা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা। দারিদ্র্য বিমোচনকে সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, বিধবা ও দুস্থ মহিলাদের জন্য ভাতা, গৃহহীনদের জন্য আশ্রয়ণ, ক্ষুদ্র ভূমি মালিকদের জন্য একটি খামার একটি বাড়ি, প্রতিটি দরিদ্র পরিবারের একজন সদস্যের চাকরির নিশ্চয়তা বিধান এবং ‘ন্যাশনাল সার্ভিস পলিসি’ বাস্তবায়নের মাধ্যমে সামাজিক নিরাপত্তা বেষ্টনী চালু করা হয়েছে। এমডিজির অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে দারিদ্র্য বিমোচন, প্রাথমিক শিক্ষা এবং লিঙ্গ বৈষম্য দূর করতে বাংলাদেশ সফলতার পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগপ্রবণ উল্লেখ করে বলেন, এটি বাংলাদেশের জন্য বড় হুমকি। সমুদ্রের পানির উচ্চতা এক মিটার বেড়ে গেলে বাংলাদেশের এক-পঞ্চমাংশ তলিয়ে যাবে এবং তিন কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। তবে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ মোকাবেলায় তার সরকার ১৩৪ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী, অ্যাম্বাসাডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম আবদুল করিম, প্রেস সচিব আবুল কালাম আজাদ, শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত এম এনামুল কবির উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার টরন্টো থেকে গতকাল সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসে পেঁৗছেন। স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছলে প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম এনামুল কবির, তার স্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। ইউনেস্কোর উদ্যোগে আজ প্যারিসে ‘গ্গ্নোবাল পার্টনারশিপ প্রোগ্রাম অন গার্লস অ্যান্ড উইমেন্স এডুকেশন’ শীর্ষক সম্মেলনে উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় শেখ হাসিনা মূল বক্তৃতা দেবেন।
আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান :কানাডা থেকে এনা জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দল-মত নির্বিশেষে সব প্রবাসীকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ফ্রান্সের উদ্দেশে কানাডা ত্যাগের প্রাক্কালে টরন্টো পিয়ারসন্স ইন্টরারন্যাশনাল এয়ারপোর্টে সমবেত দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান। এয়ারপোর্টে তাকে বিদায় জানান তার ছেলে সজীব ওয়াজেদ জয়, জামাতা খন্দকার মাশরুর হোসেন মিঠু ও কানাডা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আহাদ চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ মিয়া, সম্পাদক আজিজুর রহমান প্রিন্স, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক এমএ সালাম। ১৮ মে বেসরকারি সফরে কানাডা পেঁৗছেন শেখ হাসিনা। টরন্টোর অসলোয় মেয়ে পুতুলের বাসা সংলগ্ন একটি হোটেলে তিনি অবস্থানকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








