প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউসের অন্দরে তৈরি বিয়ারের গোপন রেসিপি ফাঁস
রাজার ঘরে যে ধন আছে, তা প্রজার ঘরে নেই! কেন নেই? স্বভাবতই প্রজারা তুমুল অভিমানি। ঝড়ের বেগে ১৩ হাজার আবেদন জমা হলো ইন্টারনেটে। তথ্য জানার স্বাধীনতা আইনেও জমা পড়ে গেল আর্জি। ইন্টারনেটে ১৩ হাজার আমেরিকাবাসীর একটাই বক্তব্য— প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসের অন্দরে তৈরি যে ‘বিশেষ’ বিয়ার খেয়ে থাকেন, সেটির মালমশলা, তৈরির পদ্ধতি—সবকিছু তাদের জানাতে হবে। হবে না হবে না করেও অবশেষে জনতার চাপের মুখে নতিস্বীকার করতেই হলো ওবামাকে। তাই তো রোববার হোয়াইট হাউসের ওয়েবসাইটে ভিডিও সহকারে প্রকাশ করে দেয়া হয়েছে সেই গোপন রেসিপি। ওবামা নিজে বিয়ার-রসিক। হোয়াইট হাউসে তিনিই বসিয়েছেন বিয়ার তৈরির মিনি-কারখানা এবং তার পুরো খরচটা নিজের পকেট থেকেই দিয়ে থাকেন প্রেসিডেন্ট। লোকে এতদিন জানত, ওবামা যে বিয়ারটা খান সেটা তৈরিতে মধুর একটা বিশেষ ভূমিকা থাকে। বিয়ারের পোশাকি নামটিও দারুণ ‘দ্য হোয়াইট হাউস হানি এল’। কিন্তু এই বিয়ার সম্পর্কে এর বেশি আর কিছু জানা যাচ্ছিল না এতদিন। আর তাতেই বিয়ারবিলাসীদের রাগ। ভোটের আবহে দাঁড়িয়ে সে রাগও জমতে দিলেন না প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের ওয়েবসাইটে ব্লগ লিখলেন প্রেসিডেন্ট-নিবাসের সহকারী বাবুর্চি (অ্যাসিস্ট্যান্ট শেফ) স্যাম ক্যাস যিনি সেই ব্লগে ‘হানি এল’ তো বটেই, ‘দ্য হোয়াইট হাউস হানি পোর্টার’ নামে আরও একটি বিয়ারের রেসিপিও ফাঁস করে দিয়েছেন। শোনা যাচ্ছে, আইওয়াতে নির্বাচনী প্রচারেও ওই বিয়ার নিয়ে গিয়েছেন ওবামা। ভোটদাতাদের নাকি সেটা চোখে দেখারও সুযোগ দিতে চান তিনি। ‘টু দ্য চিফ হোয়াইট হাউস বিয়ার রেসিপি’ শীর্ষক ওই ব্লগে ক্যাস একটা চমকপ্রদ তথ্যও দিচ্ছেন। তিনি লিখেছেন, সম্ভবত এই প্রথম বিয়ার তৈরি হচ্ছে হোয়াইট হাউসের চৌহদ্দিতে। জর্জ ওয়াশিংটন তার মাউন্ট ভার্ননের খামারে হুইস্কি আর বিয়ার তৈরি করাতেন বলে শুনেছি। টমাস জেফারসনও ওয়াইন বানাতেন। কিন্তু হোয়াইট হাউসে বিয়ার তৈরি হয়েছে, এমন কোনো প্রমাণ নেই। বাড়িতে বিয়ার তৈরির ভাবনাটা মাথায় আসতেই গত বছর ওবামা সব যন্ত্রপাতি এনে ফেলেন। এই ‘কুটির শিল্পে’ বিশেষজ্ঞ কয়েকজনের মতামতও নেয়া হয়। শেষ পর্যন্ত জিনিসটা যে এত ভালো দাঁড়াবে ভাবিনি। আমরা কেউই তো আর আগে বিয়ার বানাইনি। মধুটা আমরা নিই হোয়াইট হাউসেরই সাউথ লনের মৌচাক থেকে। গন্ধও হয় দুর্দান্ত। আপনাদের সবাইকে যদি খাওয়াতে পারতাম! কিন্তু অত তো নেই। আইওয়ার কিছু ওবামাভক্ত হয়তো এবার সেই দুর্লভ বিয়ারের স্বাদ পাবেন। মানতেই হবে ভোটের গরম বাজারে রিপাবলিকান প্রতিদ্বন্দ্ব্বী মিট রমনিকে অন্তত বিয়ার-বিলাসে পেছনে ফেলেছেন ওবামা। কারণ রমনির যে পানদোষই নেই! বিবিসি/আমার দেশ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








