বাংলাদেশী শ্রমিকদের ভিসা বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত
মিজানুর রহমান: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী শ্রমিকদের ভিসা দেয়া হচ্ছে না। নতুন ভিসা ইস্যু না করার পাশাপাশি পুরনোদের ভিসা নবায়নও বন্ধ করে দেয়া হয়েছে। গত দু’সপ্তাহ ধরে ইউএই কর্তৃপক্ষের এ আচরণে সেখানে অবস্থানরত বাংলাদেশীরা দিশাহারা হয়ে পড়েছেন। দেশে ফিরে আসতে বাধ্য হওয়ার মতো পরিস্থিতিতে উৎকণ্ঠিত তারা। দুবাই ও উত্তর আমিরাতের নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ আবু জাফর বাংলাদেশীদের ভিসা ইস্যু না করার কথা স্বীকার করেছেন। তবে ইউএই কর্তৃপক্ষের অনাকাঙ্ক্ষিত এ আচরণের কারণ তিনি জানতে পারেননি। জানার চেষ্টা করছেন। গতকাল সন্ধ্যায় তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে মানবজমিনকে বলেন, দু’সপ্তাহ ধরে আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বাংলাদেশী নাগরিকরা ভিসা আবেদন করে হয়রানির শিকার হচ্ছেন। তাদেরকে ভিসা না দিয়ে নতুন করে আবেদন করতে বলা হচ্ছে। অনেককে ঈদের ছুটির পরে যোগাযোগ করার নির্দেশনা দেয়া হচ্ছে ভিসা অফিস থেকে। বিষয়টি নিয়ে আবু ধাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক কোন বক্তব্য পাওয়া যাচ্ছে না জানিয়ে তিনি বলেন, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের কর্মকর্তারা আরব আমিরাত সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। এখনও ঈদ ছুটির আমেজ চলছে। ভিসা বন্ধের সিদ্ধান্ত সাময়িক নাকি স্থায়ী তা আগামী সপ্তাহে অফিস খোলার পর স্পষ্ট হবে বলে আশা করেন কনসাল জেনারেল। এদিকে ইউএইতে বাংলাদেশী শ্রমিকদের জন্য ভিসা ইস্যু এবং নবায়ন বন্ধ হওয়ার খবর চাউর হওয়ার পর ঢাকায় সরকারের শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা শুনেছেন বলে জানান। তবে আনুষ্ঠানিকভাবে কিছু পাননি বলে দাবি করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়েও গতকাল সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে কোন তথ্য আসেনি বলে জানান মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া অনুবিভাগের মহাপরিচালক নজরুল ইসলাম। পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মিয়ানমারের আরাকান রাজ্যে নির্যাতিত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দিতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর তরফে বাংলাদেশ সরকারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। দিন দিন এ চাপ বাড়ছে। দেশগুলোতে থাকা বাংলাদেশী শ্রমিকদের ফেরত পাঠানোর হুমকিও আসছে। ইউএইতে বাংলাদেশী শ্রমিকদের নতুন ভিসা ইস্যু না করা কিংবা পুরনোদের নবায়ন বন্ধের বিষয়টি এ চাপের অংশ বলে মনে করেন সংশ্লিষ্ট দু’মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যে বাংলাদেশী শ্রমিক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউএই। গত মাসেও ৩৫ হাজারের বেশি বাংলাদেশী চাকরি নিয়ে দুবাই, আবু ধাবি, শারজাহ ও অন্যান্য অঞ্চলে গেছেন। অনেকে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








