বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় জাতিসংঘ ও ইউএস ডিপার্টমেন্টে চিঠি

সাখাওয়াত হোসেন সেলিম, নিউ ইয়র্ক : বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় জাতিসংঘ মহাসচিব ও ইউএস ডিপার্টমেন্টের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বরাবর চিঠি দিয়েছে বিএনপি। এতে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানবাধিকার লঙ্ঘন প্রভৃতি বিষয় উল্লেখ করা হয়। কেন্দ্রীয় বিএনপি প্রেরিত এ চিঠি বুধবার হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। ওইদিন বিকাল ৩টায় স্টেট ডিপার্টমেন্টে সাউথইস্ট এশিয়া বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ ডেস্ক প্রধান আরতি সার্ফের কাছে চিঠি ও ডকুমেন্ট হস্তান্তর করেন গ্রেটার ওয়াশিংটন বিএনপির সভাপতি ও যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র সভাপতি শরাফত হোসেন বাবু, গ্রেটার ওয়াশিংটন বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী খান ও যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ। অপরদিকে জাতিসংঘ মহাসচিব বানকি মুন বরাবর চিঠিটি জাতিসংঘ সদরদপ্তরে হস্তান্তর করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি নুর মোহাম্মদ ও কেন্দ্রীয় যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তোফায়েল লিটন চৌধুরী। বাংলাদেশ ককাসের কো-চেয়ারম্যান ও ইউএস কংগ্রেসের প্রভাবশালী কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির কাছেও একটি চিঠি হস্তান্তর করা হয়। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী প্রেরিত চিঠিতে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি এম ইলিয়াছ আলী এবং তার গাড়িচালক গুম হওয়া, বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মানবাধিকার লঙ্ঘন, জনগণের নিরাপত্তার অভাবসহ বর্তমান সরকারের অপশাসনের কথা উল্লেখ করে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়। ওদিকে জ্যাকসন হাইটসে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে বিক্ষোভ সমাবেশ থেকে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে বলে অভিযোগ করে অবিলম্বে তাকে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। বক্তারা বলেন, ইলিয়াস আলীর কিছু হলে এর দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে। সমাবেশ থেকে এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার প্রতিবাদে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের সামনে আগামী সোমবার যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠন বিক্ষোভ সমাবেশ করবে বলেও ঘোষণা দেয়া হয়। যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, হেলাল উদ্দিন, এডভোকেট কাইয়ুম চৌধুরী, আবু সাঈদ আহমদ, আবদুল কুদ্দুস, আহবাব হোসেন খোকন প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








