বিক্ষোভের মুখে নাগরিক সংবর্ধনা সমাবেশে ভাষণ দেবেন দুই নেত্রী
এনা : রোববার ২২ মে সন্ধ্যায় কানাডার টরন্টোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নিউইয়র্কে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা
জিয়া নাগরিক সংবর্ধনা সমাবেশে ভাষণ দেবেন। ৫৫৩ কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি সিটিতে এ উপলক্ষে পরস্পর বিরোধী বিক্ষোভ সমাবেশেরও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে। টরন্টোর মেট্রো কনভেনশন সেন্টারে কানাডা আওয়ামী লীগের সার্বিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে। কানাডা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন, ওসলো সিটিতে কন্যা সায়মা হোসেন পুতুলের বাসায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বুধবার থেকেই প্রধানমন্ত্রী সেখানে রয়েছেন এবং সময় কাটাচ্ছেন একান্তই পারিবারিক আমেজে। প্রায় আড়াই বছর আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই শেখ হাসিনার প্রথম কানাডা সফর। ২৪ মে পর্যন্ত তিনি টরন্টোতেই অবস্থান করবেন। কানাডা বিএনপির আহবায়ক ফয়সাল আহমেদ চৌধুরী বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন, গণতন্ত্রের লেবাসে স্বৈরাচারি কর্মকান্ডের প্রতিবাদে নাগরিক সংবর্ধনা স্থলের বাইরে প্রবাসীরা বিক্ষোভ করবে। তিনি জানান, গত বুধবার টরন্টো পিয়ারসন্স এয়ারপোর্টে অবতরণের সময়েও কানাডা বিএনপির ব্যানারে প্রবাসীরা শেখ হাসিনাকে কাল পতাকা প্রদর্শন করেছেন। নিউইয়র্কে শেরাটন হোটেলের মেট্রোপলিটন বলরুমে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নাগরিক সংবর্ধনা প্রদানের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এ উপলক্ষে বিএনপির সভাপতি আব্দুল লতিফ সম্রাট এবং সেক্রেটারী মোস্তফা কামাল পাশা বাবুল ও নাগরিক সংবর্ধনা কমিটির সদস্য সচিব বেলাল মাহমুদ বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন, ২০০৫ সালে সর্বশেষ এসেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া। দীর্ঘ ৬ বছর পর তাকে আমরা সংবর্ধনা দিচ্ছি বিরোধী দলীয়নেতা হিসেবে। পশ্চিমে লসএঞ্জেলেস সিটি, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, টেক্সাস, ওয়াশিংটন মেট্র, পেনাসিলভেনিয়া, নিউজার্সী, বস্টন, আটলান্টিক সিটি থেকে প্রবাসীরা এসেছেন নিউইয়র্কে। বেগম জিয়ার এবারের সফর খুবই গুরুত্বপূর্ণ, তাই সর্বস্তরের প্রবাসীর মধ্যেই ব্যাপক কৌতুহল সৃষ্টি হয়েছে। তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল এনাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটনের সাথে বেগম খালেদা জিয়ার আনুষ্ঠানিক বৈঠক হবে ওয়াশিংটন ডিসিতে। এ নিয়ে প্রবাসে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মধ্যে নবজাগরণ এসেছে। বিএনপি নিয়ে প্রবাসীদের মধ্যে আশা-আকাঙ্খা বেড়েছে। জাসাসের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন এবং যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন এনাকে বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহম্মদ ইউনূসকে অপমান করার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজকে প্রশ্নবিদ্ধ করেছেন। বেগম জিয়া আসছেন সে পরিস্থিতিকে ঝালাই করতে। তারই অংশ হিসেবে হিলারী ক্লিনটনসহ উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে বিএনপি নেত্রীকে দেন-দরবার করতে হচ্ছে। এদিকে বেগম জিয়াকে সংবর্ধনা হোটেলের বাইরে ব্যাপক বিক্ষোভ দেখানোর জন্যে পুলিশের অনুমতি নিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন। আওয়ামী লীগের উভয় গ্রুপ নবউদ্যমে বিক্ষোভ দেখাবে। তারা এনাকে বলেছেন, বিদেশে বাংলাদেশের ইমেজ বিপন্ন, একাত্তরের ঘাতকদের বিচার নিয়ে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্ত করার প্রতিবাদ এবং ক্ষমতায় থাকাকালে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ বিদেশে পাচারের দায়ে অভিযুক্ত তারেক রহমান এবং আরাফাত রহমান কোকোর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে প্রবাসীরা সোচ্চার রয়েছেন। তারই বহি:প্রকাশ হিসেবে যেখানে খালেদা সেখানে বিক্ষোভ করা হচ্ছে। ২১ মে স্থানীয় সময় শনিবার বেলা ২টায় (বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১২টা) জেএফকে এয়ারপোর্টে অবতরণের সময়ও আওয়ামী লীগ, যুবলীগ এবং শ্রমিক লীগের পক্ষ থেকে বেগম জিয়াকে কাল পতাকা প্রদর্শনের ব্যাপক প্রস্তুতি চলছে বলে সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে। বিএনপির পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি আওয়ামী লীগের বিক্ষোভ ঘিরে জেএফকে এয়ারপোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেয়ার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কের এ এয়ারপোর্টে অবতরণের পর বিএনপির কাল পতাকা প্রদর্শনের সময় আওয়ামী লীগের সাথে তুমুল সংঘর্ষ হয়। সে সময় রক্তপাতের ঘটনাও ঘটেছিল। ৬ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ২৭ মে দেশের উদ্দেশ্যে রওয়ানা দেবেন বেগম খালেদা জিয়া। যুক্তরাষ্ট্রে তার সফর সমন্বয় করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








