বিশ্বব্যাংকের পক্ষে নতুন করে পদ্মা সেতুতে বিনিয়োগ চুক্তি অসম্ভব: কান্ট্রি ডিরেক্টর এ্যালেন গোল্ডস্টেইন

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ্যালেন গোল্ডস্টেইন বলেছেন, বাংলাদেশ চাইলে পদ্মা সেতু ইস্যুতে বিশ্বব্যাংক নতুন আলোচনা শুরু করতে পারে। তবে এখন এই প্রকল্পের জন্যে বিশ্বব্যাংকের পক্ষে নতুন করে বিনিয়োগ চুক্তি করা অসম্ভব। আজ রবিবার ওয়াশিংটনে বেসরকারি বাংলাদেশি টিভি চ্যানেল এটিএন বাংলাকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি আরও বলেছেন, যে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক এই ঋণ চুক্তি বাতিল করেছে তার প্রমাণ বাংলাদেশ সরকারকে দেয়া হয়েছে, তা প্রকাশ করা না করা সরকারের দায়িত্ব।
পদ্মা সেতুতে বিশ্বব্যাংক এখন পর্যন্ত কোন টাকা দেয়নি, তাহলে দুর্নীতি হলো কোথায় – এ প্রশ্নের জবাব এড়িয়ে যান বিশ্ব্যাংক কর্মকর্তা।
তিনি জানান, দুর্নীতির যে প্রমাণের কথা বলা হচ্ছে তা দেখাতে তারা বাধ্য নন। বিশ্বব্যাংকের নতুন প্রেসিডেন্ট জিম ইয়ং কিম দায়িত্ব নেয়ার পরপরই জানিয়েছিলেন, বিদায়ী প্রেসিডেন্টের সিদ্ধান্তের কোন রদবদল করবেন না এ কথা স্মরণ করিয়ে দিয়ে এ্যালেন গোল্ডস্টেইন জানান, কোন চাপ বা প্রভাবে বিশ্বব্যাংক পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল করেনি। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এরকমটি হলে বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। গত ১১ জুলাই ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সামনে প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ ও অবস্থানের পরপরই বিশ্বব্যাংক তরফে গণমাধ্যমে এ বক্তব্য দেয়া হলো।
উল্লেখ্য, ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ্যালেন গোল্ডস্টেইন জরুরি তলব পেয়ে ওয়াশিংটনে অবস্থিত প্রধান কার্যালয়ে গেছেন। আপাতত তিনি ঢাকায় ফিরছেন না বলে জানা গেছে।
এদিকে ঢাকায় দাতাদের সূত্রে বলা হয়েছে, বিশ্বব্যাংকের তরফে বাংলাদেশ সরকারকে দুর্নীতির যে সব তথ্য প্রমাণ দেয়া হয়েছে তা এখন ইচ্ছে করলে বাংলাদেশ সরকার প্রকাশ করতে পারে। চুক্তি বাতিল হওয়ার পর এখন এসব তথ্য প্রমাণ ইতিহাসের অংশ হয়ে গেছে।
বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার বিনিয়োগের জন্যে গত বছর এপ্রিলে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছিল। এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯০ কোটি ডলার বা সমপরিমান ২০ হাজার ৫০৭ কোটি টাকা। এর মধ্যে বিশ্বব্যাংক সবোর্চ্চ ১৫০ কোটি ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। এর মধ্যে ১২০ কোটি ডলার ঋণের জন্যে চুক্তি সাক্ষরিত হয়। প্রয়োজনে আরও ৩০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক এমনটাই কথা ছিল।ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








