ভারতীয় নদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে ২৫ মে জাতিসংঘ সদর দফতরের সম্মুখে সমাবেশ
নিউইয়র্ক : ভারতীয় নদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে জাতিসংঘ সদর দফতরের সম্মুখে আগামী ২৫শে মে, শুক্রবার (বিকাল ৩টায়) অনুষ্ঠিতব্য প্রতিবাদ সমাবেশের জন্য জোর প্রস্তুতি চলছে। গত ২০শে মে অনুষ্ঠিত বাংলাদেশের পরিবেশ নেটওয়ার্কের (বেন) সভায় এ প্রস্তুতির পর্যালোচনা করা হয়। বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্কের অফিসে বিশিষ্ট সাংবাদিক ও কবি বেলাল বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বেনের সদস্যরা ছাড়াও বিভিন্ন কমিউনিটি সংগঠনের সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসব সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক; বরিশাল সমিতি; হবিগঞ্জ সমিতি; মৌলভীবাজার সমিতি; সন্দ্বীপ সমিতি; ও অন্যান্য। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রাক্তণ সাধারণ সম্পাদক মহিদুল হক খান এবং যুগ্ম সম্পাদক, শরীফ জামিল। তাঁরা ২৫শে মের প্রতিবাদ সমাবেশের প্রতি বাপার সমর্থন জানান এবং সাম্প্রতিককালে বাপার কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন। সভার শুরুতে বেনের বিশ্ব সমন্বয়কারী, ডঃ নজরুল ইসলাম ভারতীয় নদী সংযোগ প্রকল্প সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন, এবং ২৫শে মে তারিখের প্রতিবাদ সমাবেশের গুরুত্ব ব্যাখ্যা করেন। বেনের নিউ ইয়র্ক, নিউ জার্সী, ও কানেক্টিকাট শাখার সমন্বয়কারী, সৈয়দ ফজলুর রহমান ২৫শে তারিখের সমাবেশের এ যাবত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি উল্লেখ করেন, একাধিক উপ-কমিটির মাধ্যমে প্রস্তুতির কাজ অগ্রসর হচ্ছে। সৈয়দ ফজলুর রহমান সকলকে প্রাসংগিক উপ-কমিটি এবং তার দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করার আহ্বান জানান, এবং এ বিষয়ে তথ্যের জন্য তাঁর সাথে যোগাযোগ করার অনুরোধ জানান (টেলিফোনঃ ৩৪৭-৮৪২-৮৫২৭)। সভায় ভারতীয় নদী সংযোগ প্রকল্প এবং ২৫শে মের প্রতিবাদ সভা সম্পর্কে বিস্তারিত ও প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এ আলোচনায় অংশগ্রহণ করেন তোফায়েল আহমেদ চৌধুরী, আবুল কাশেম, এ. কে. এম. নুরুল হক, শামশাদ হুসাম, নিনি ওয়াহেদ, প্রকৌশলী আহসানুল হক, সৈয়দ নাজমুল আহসান, সাব্বির কাজী, এ. কে. এম. বাবুল, সুব্রত বিশ্বাস, সেমন্তী ওয়াহেদ, রানা ফেরদৌস চৌধুরী, জীবন বিশ্বাস, হুসনে আরা বেগম, ওয়াসের চৌধুরী, প্রমুখ। সভার দ্বিতীয় ভাগে বাপার প্রাক্তণ সাধারণ সম্পাদক মহিদুল হক খান এবং বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিল বক্তব্য রাখেন। শরীফ জামিল তাঁর বক্তব্যে বাংলাদেশে পরিবেশ আন্দোলনের বিভিন্ন সাফল্য তুলে ধরেন। বিশেষত তিনি গত জানুয়ারীতে সিলেটের শাহ জালাল বিশ্ব বিদ্যালয়ে বাপা, বেন, এবং শাহ জালাল বিশ্ববিদ্যালনের উদ্যোগে অনুষ্ঠিত সিলেট বিভাগের পরিবেশ বিষয়ক সম্মেলনের অভূতপূর্ব সাফল্যের বিবরণ দেন। তিনি ঢাকা শহরে ও অন্যত্র বিভিন্ন জলাশয়, পার্ক, প্রভৃতি রক্ষায় সাফল্য সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি বিভিন্ন উদ্বেগজনক ঘটনাবলীও লক্ষ্য করেন। তিনি ঢাকার বুড়িগংগা নদীর সীমানা চিহ্নিতকরণ সংক্রান্ত ঢাকা জেলা প্রশাসনের সাম্প্রতিক পদক্ষেপের সমালোচনা করেন, এবং এ পদক্ষেপের বিরুদ্ধে বাপা জোর প্রতিরোধ গড়ে তুলবে বলে জানান। তিনি লক্ষ্য করেন যে, সরকার বাংলাদেশে কোন আদিবাসী নেই বলে ঘোষণা করেছেন। তিনি আরও বেশী করে জনগণের নিকট পরিবেশের ইস্যু নিয়ে যাওয়ার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। মহিদুল হক খান বাপা প্রতিষ্ঠায় বেনের উদ্যোগী ভূমিকার কথা স্মরণ করেন। তিনি পরিবেশ আন্দোলনের বিভিন্ন সাফল্য-ব্যর্থতার ইতিহাস তুলে ধরেন। বাংলাদেশের নদ-নদী রক্ষার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন যে, নদী বাঁচলেই কেবল বাংলাদেশ বাঁচবে। বাংলাদেশের পরিবেশ রক্ষা, এবং সামগ্রীকভাবে দেশের প্রগতির ক্ষেত্রে তরুণ প্রজন্মের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন। তরুণ প্রজন্মের নেতৃত্ব প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধান কঠিন হবে বলে মত প্রকাশ করেন। তিনি ২৫শে মে’র প্রতিবাদ সমাবেশের গুরুত্বের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেন এবং উল্লেখ করেন যে, এই সমাবেশের সমর্থনে বাংলাদেশেও বাপা প্রতিবাদ সমাবেশের আয়োজন করবে। সভার সভাপতি বেলাল বেগ সকলকে ২৫শে মে বিকাল ৩টায় জাতিসংঘের সদর দফতরে ভারতীয় নদী সংযোগ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশকে সফল করার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানান।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








