মানবতাবিরোধী অপরাধের মামলায় আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের ফাঁসির আদেশ হয়েছে। আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। আযাদ পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতেই এই রায় দেন আদালত। এটি একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার প্রথম রায়। স্থানসংকুলান না হওয়ায় আজ ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম ট্রাইব্যুনাল-১-এ বসে। বেলা পৌনে ১১টায় রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় ট্রাইব্যুনালের অপর দুই সদস্য বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি শাহিনুর ইসলাম উপস্থিত ছিলেন। শুরুতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, এটা ১১২ পৃষ্ঠার একটি রায় এবং এখানে ৩৩৪টি অনুচ্ছেদ আছে।
আযাদকে আগে আত্মসমর্পণ করতে হবে
‘এ রায়ের বিরুদ্ধে আজ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। এর মধ্যে আপিল না করলে আর আপিল গ্রহণের সুযোগ নেই। তবে আপিল করতে হলে আগে তাঁকে আত্মসমর্পণ করতে হবে।’ আজ সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের ফাঁসির রায় হওয়ার পর আইনমন্ত্রী শফিক আহমেদ এ কথা বলেন। সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের পক্ষ থেকে তাঁর কাছে এই রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। শফিক আহমেদ বলেন, রায়ের কপি আজই আযাদের আইনজীবীর কাছে দেওয়া হয়েছে। আপিল ৩০ দিনের মধ্যে করতে হবে। কারণ এই বিশেষ ট্রাইব্যুনালের ক্ষেত্রে বিলম্ব মার্জনা করে আপিলের সুযোগ নেই। মানবতাবিরোধী অপরাধের অন্যান্য মামলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আরও একটি মামলা রায়ের অপেক্ষায় রয়েছে। আরেকটি মামলার সাক্ষ্য শেষ হয়েছে। এখন আইনজীবীদের যুক্তি উপস্থাপন চলছে। আযাদ পলাতক থাকার পরও এ মামলার রায় কেন আগে হলো্— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই মামলার বিচারকাজ তাড়াতাড়ি শেষ হয়েছে, তাই রায় হয়েছে। আর আযাদের পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিল না। তাই এতে সময় কম লেগেছে।
মন্ত্রী বলেন, ‘আমার মনে হয় এ রায় জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়েছে। এতে যুদ্ধাপরাধের বিষয়ে জাতির প্রত্যাশা কার্যকর হতে শুরু হয়েছে।’প্রথম আলো
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








