যেখানে ম্যারাডোনার চেয়েও এগিয়ে মেসি
কী করতে হবে, মেসিকে শিখিয়ে দিচ্ছেন ম্যারাডোনা। ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ থাকার সময়। ছবি: রয়টার্স I দেলোয়ার হোসেন : লিওনেল মেসি কি স্বদেশি ডিয়েগো ম্যারাডোনার সমকক্ষ হতে পারবেন? কয়েক বছর আগেও প্রশ্নটা করা হতো। সময় পাল্টেছে, পাল্টে গেছে প্রশ্নও। কে সেরা—ম্যারাডোনা, নাকি মেসি? সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত প্রশ্ন এটি। প্রশ্নটা যে যথেষ্টই ‘বিতর্কিত’, বলার অপেক্ষা রাখে না। বিংশ শতাব্দীর ফিফা বর্ষসেরা ফুটবলারদের তালিকায় ম্যারাডোনা অন্যতম। আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন। গত শতাব্দীর সেরা গোলটিও তাঁর। আর্জেন্টাইন এই কিংবদন্তি চিরস্মরণীয় হয়ে আছেন ১৯৮৬ বিশ্বকাপে তাঁর ‘হ্যান্ড অব গড’ গোলের মাধ্যমে। কিংবদন্তি ম্যারাডোনার সঙ্গে ২৫ বছর বয়সী মেসির তুলনা নিয়ে তাই ‘আপত্তি’ আছে অনেকের। আপত্তি থাকতেই পারে। তবে একই সঙ্গে এটাও স্বীকার করতে হবে, লিওনেল মেসিও কম যান না। বাস্তবতা হলো, পরিসংখ্যানের আলোয় অনেক দিক থেকেই ম্যারাডোনার চেয়ে স্পষ্টত এগিয়ে বার্সার আর্জেন্টাইন এই সুপারস্টার। ক্লাব ক্যারিয়ার: ১৯৭৬ থেকে ১৯৯৭, এই ২১ বছরে সিনিয়র পর্যায়ে ৪৯২টি ম্যাচে অংশ নিয়েছেন ম্যারাডোনা। গোল করেছেন ২৫৮টি। অন্যদিকে মাত্র ১০ বছরের সিনিয়র ক্লাব ক্যারিয়ারে মেসির গোলসংখ্যা ২১৫। খেলেছেন মাত্র ২৪৬টি ম্যাচ। যেভাবে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, বড় কোনো ইনজুরিতে না পড়লে বোধ হয় এ বছরই ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন মেসি। গোটা ক্যারিয়ারে ম্যারাডোনা যত শিরোপা জিতেছেন, এরই মধ্যে তা ছাড়িয়ে গেছেন মেসি। আন্তর্জাতিক ক্যারিয়ার: আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে গোলের দিক থেকে ম্যারাডোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ম্যারাডোনার গোলসংখ্যা ৩৪। অন্যদিকে ৭৯ ম্যাচে মেসির গোলসংখ্যা ৩২। ম্যারাডোনাকে ছাড়িয়ে যেতে চাই মাত্র তিনটি গোল। তা পেতে ‘গোলমেশিন’ মেসির যে বেশি দিন অপেক্ষা করতে হবে না, এটা বোঝার জন্য ফুটবলবোদ্ধা হওয়ার প্রয়োজন নেই। কৌশলগত দিক: কৌশলের ক্ষেত্রে তুলনামূলক এগিয়ে মেসি। ‘ড্রিবলিং’, গতি, বল পাসিংয়ে মেসিই সেরা। বিশ্বকাপ জেতা, না জেতা: মেসির অপ্রাপ্তি বলতে একটাই, বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া। ম্যারাডোনা সেটা পেয়েছেন বলেই তুলনার ক্ষেত্রে তাঁকে এগিয়ে রাখেন অনেকে। হ্যাঁ, চারটি বিশ্বকাপ খেলে একবার বিশ্বজয়ের স্বাদ নেওয়া ম্যারাডোনা অবশ্যই এগিয়ে। তাই বলে মেসি সেই স্বাদটা কখনো নিতে পারবেন না, এটা বোধ হয় ধরে নেওয়া ঠিক হবে না। এ পর্যন্ত মাত্র দুটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। ক্যারিয়ারের কেবল মধ্যগগনে তিনি। নিশ্চয়ই আরও বহু বছর খেলবেন। বিশ্বকাপ নেবেন। বিশ্বজয়ের স্বাদ তিনি পেতেই পারেন। আরেকটা বিষয় বিবেচনায় নিতে হবে, বিশ্বকাপ জয়ের জন্য চাই দলগত সফলতা। শুধু একা ভালো খেলে তা সম্ভব নয়। মেসি চাইলে আর্জেন্টিনা দল ছেড়ে স্পেন জাতীয় দলের হয়েও খেলতে পারতেন। সে ক্ষেত্রে এত দিনে বিশ্বজয়ের স্বাদটা নেওয়া হতো তাঁর। ব্যক্তিগত জীবন: ম্যারাডোনা ফুটবলার হিসেবে যতটা জনপ্রিয়, ততটাই ‘বিতর্কিত’ তাঁর উচ্ছৃঙ্খল জীবনাচারের জন্য। মদ্যপান, ড্রাগ কেলেঙ্কারি, নারীঘটিত ব্যাপার, ভক্তদের সঙ্গে হাতাহাতি, গণমাধ্যমের সঙ্গে বৈরিতা—নিজেকে বিতর্কিত করে তোলার জন্য কী করেননি ম্যারাডোনা! অন্যদিকে ব্যক্তিগতে জীবনে বিতর্কের ছিটেফোঁটাও নেই মেসির। মাঠ, মাঠের বাইরে সব জায়গায় তিনি বন্ধুবত্সল, বিনয়ী। ফুটবলবিশ্বের অনুকরণীয় আদর্শ ভাবা হয় মেসিকে। এখন দুজনের ক্যারিয়ারের বিভিন্ন দিক বিবেচনা করে না হয় আপনারাই বিচার করুন, কে সেরা!—ওয়েবসাইট অবলম্বনে।প্রথম আলো
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








