সামরিক বাহিনীকে ছোট করার ঘোষণা ওবামার

ডেস্ক: যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ৫০০ বিলিয়ন ডলারে নামিয়ে আনতে এবার সামরিক বাহিনীকে ছোট করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার পেন্টাগনে নতুন সামরিক কৌশল প্রকাশের সময় প্রেসিডেন্ট ওবামা এ ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট ওবামা বলেছেন আমাদের সামরিক বাহিনীকে ছোট করা হচ্ছে তবে বিশ্ববাসীকে অবশ্যই মনে রাখতে হবে যে সশস্ত্র বাহিনীর বিশেষত্বের ক্ষেত্রে আমাদের সামরিক বাহিনী ক্ষিপ্ততা এবং যে কোন পরিস্থিতিকে আগের মতোই পূর্ণোদ্যমে মোকাবিলা করতে সক্ষম হবে এবং তৈরি থাকবে। ওবামা বলেছেন, এখন শীতল যুদ্ধকালীন সময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে সামরিক ব্যয় কমিয়ে সেটা গোয়েন্দাগিরি, নজরদারি বাড়ানো, সন্ত্রাসবাদ মোকাবিলা, গণবিধ্বংসী অস্ত্রের মোকাবিলা এবং বিরূপ পরিবেশে আমাদের বাহিনীকে কাজ করতে সক্ষম করে তোলার ক্ষেত্রে ব্যবহার করা হবে। সামরিক বাহিনী কমিয়ে আনার ঘোষণা দেয়া হলেও প্রতিরক্ষা কৌশলে কি সংখ্যক সেনা কমানো হবে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা বলছেন আগামী ১০ বছরে হয়তো সামরিক এবং নৌবাহিনীতে ১৫ ভাগ পর্যন্ত সেনা কমিয়ে আনা হবে। বিবিসি জানিয়েছে, নতুন সামরিক কৌশলে আগামী দশকে পেন্টাগনের ব্যয় ৪৫০ বিলিয়ন ডলার কমানোর পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া এ বছর শেষে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটও ৫০০ বিলিয়ন মার্কিন ডলার কমানো হবে। সেনা কমানোর ঘোষণার পাশাপাশি প্রেসিডেন্ট ওবামা মধ্যপ্রাচ্য ও এশিয়াতে মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের কৌশলে এবার উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ওপর জোর দেয়া হবে। গাল্ফ কো-অপারেশন কাউন্সিলের দেশগুলোর সঙ্গে সহযোগিতার মাধ্যমে প্রয়োজন হলে ইরানের পরমাণু অস্ত্রের মোকাবিলা করা হবে। তিনি উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন। ওবামা বলেন, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমরা এবার জোর দেব, তবে বাজেট কমানোর বিষয়টি এসব সংকটাপন্ন অঞ্চলের জন্য প্রযোজ্য হবে না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে ইরাক ও আফগানিস্তানে ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ শুরুর সময় যুক্তরাষ্ট্রের এই বিশাল সেনাবাহিনী গড়ে তোলা হয়েছিল।মানবজমিন
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








