সারাদেশের সাত বিভাগের ২৩৫টি পৌরসভার মেয়র নির্বাচনের ফল:আওয়ামী লীগ ১১০টি এবং বিএনপি ১০৩টিতে জয়ী
ইউএসএনিউজ ডেস্ক: পৌরসভা নির্বাচনে মেয়র পদে মঙ্গলবার পর্যন্ত ঘোষিত সারাদেশের সাত বিভাগের ২৩৫টি পৌরসভার ফল বিশ্লেষণ করে দেখা গেছে,আওয়ামী লীগ প্রার্থীরা মোট ১১০টি এবং বিএনপি প্রার্থীরা মোট ১০৩টিতে জয়ী হয়েছেন। এর মধ্যে অবশ্য আওয়ামী লীগের ১৭ জন এবং বিএনপির ১০ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন।অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থীরা ৫টি এবং জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীরা জিতেছেন মাত্র ১টি পৌরসভায়। এ দু’দলের কোনো প্রার্থীই ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগে মেয়র হতে পারেননি। জামায়াত যে ৫টি পৌরসভায় জিতেছে, তার মধ্যে রাজশাহী বিভাগে ৩টি ও রংপুর বিভাগে ২টি রয়েছে। অন্যদিকে জাতীয় পার্টির ১ জন জিতেছেন রংপুরে। এছাড়া এলডিপি সমর্থিত ১ জন এবং স্বতন্ত্র ১৫ জন প্রার্থী মেয়র পদে জিতেছেন।সাত বিভাগ মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত মোট ২৪২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সহিংসতার কারণে ২টি পৌরসভার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। অপ্রীতিকর ঘটনার জের ধরে বিভিন্ন ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত থাকায় আরও ৪টি পৌরসভার ফল স্থগিত আছে। এছাড়া নির্বাচন-পরবর্তী গোলযোগের কারণে ২টি পৌরসভার ফল ঘোষণা করা হয়নি।
এদিকে আইনগত জটিলতার কারণে পিছিয়ে যাওয়া সারাদেশের আরও ১৪টি পৌরসভায় ভোটগ্রহণ করা হবে আগামী ২৭ জানুয়ারি।
ঢাকা : ঢাকা বিভাগের ১৭ জেলার ৬৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানের পর ৬১টির বেসরকারি ফল ঘোষিত হয়েছে। ৮টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করায় গাজীপুরের কালিয়াকৈর এবং ১টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ফল স্থগিত রয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী এখানে আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়েছেন ৩৪টি পৌরসভায়, যার মধ্যে দলের ৭ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বিএনপি প্রার্থীরা জিতেছেন ২৪টিতে, যার মধ্যে এই দলের ১ জন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এখানে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৩টি পৌরসভায়।
চট্টগ্রাম :চট্টগ্রাম বিভাগের ১০টি জেলার ৪২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সহিংসতার কারণে নির্বাচন কমিশন নোয়াখালী সদর ও সেনবাগ পৌরসভায় নির্বাচন স্থগিত করেছে। একটি করে ভোটকেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করায় কুমিল্লার নাঙ্গলকোট ও নোয়াখালীর কবিরহাট পৌরসভার ফল স্থগিত আছে। অন্যদিকে নির্বাচন পরবর্তী গোলযোগ ও ভোটের পরিসংখ্যান নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দ্বিমতের কারণে চট্টগ্রামের পটিয়া ও ফেনীর সোনাগাজী পৌরসভার ফল ঘোষণা করা হয়নি। বাকি ৩৬টি পৌরসভার মধ্যে বিএনপি জিতেছে ১৭টি পৌরসভায়, যার মধ্যে ২ জন বিদ্রোহী প্রার্থী আছেন। আওয়ামী লীগ জিতেছে ১৫টি পৌরসভায়. যার মধ্যে বিদ্রোহী ১ জন। এছাড়া এলডিপি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টি পৌরসভায় জিতেছেন।
রাজশাহী :রাজশাহী বিভাগের ৮ জেলার ৪৯টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বিএনপি ২৭টি পৌরসভায় জিতেছে, যার মধ্যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন ৫ জন। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থীরা জিতেছেন ১৭টিতে, যার মধ্যে দলের বিদ্রোহী প্রার্থী আছেন ৬ জন। এখানে জামায়াত ৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ২টি পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন।
খুলনা :খুলনা বিভাগের ৯টি জেলার ৩০ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।বিএনপি ১৬টিতে এবং আওয়ামী লীগ ১২টি পৌরসভায় মেয়র পদে বিজয়ী হয়েছেন। বাকি ২টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
সিলেট : সিলেট বিভাগের ৪ জেলার ১৬টি পৌরসভায় বিএনপি ৯টিতে জিতলেও আওয়ামী লীগ জিতেছে ৭টি পৌরসভায়। আওয়ামী লীগের বিজয়ী প্রার্থীদের মধ্যে ১ জন বিদ্রোহী রয়েছেন।
বরিশাল :বরিশাল বিভাগের ৬ জেলার ১৯টি পৌরসভার মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা ১৬টি পৌরসভায় নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ২ জন বিদ্রোহী। বিএনপি জিতেছে মাত্র ১টি পৌরসভায়। বাকি ১টিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।
রংপুর :রংপুর বিভাগের ৮ জেলার ২৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২ জন বিদ্রোহীসহ ৯টি পৌরসভায় জিতেছেন বিএনপি প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচিত হয়েছেন ৭টিতে। এছাড়া জামায়াত ২টি, জাতীয় পার্টি ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৪টিতে মেয়র পদে জিতেছেন।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল








