অস্ত্র নিয়ন্ত্রণ আইন পরিকল্পনা : যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিপজ্জনক অস্ত্র বিক্রি নিষিদ্ধ করতে চান প্রেসিডেন্ট বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিপজ্জনক অস্ত্র বিক্রি নিষিদ্ধ এবং অস্ত্র ক্রেতাদের সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই বিষয়ে গত বুধবার এক পরিকল্পনার প্রস্তাব পেশ করেছেন। গত মাসে স্কুলশিশুদের ওপর গুলিবর্ষণের ঘটনার প্রেক্ষাপটে নেওয়া এ পরিকল্পনায় ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন আগ্নেয়াস্ত্র বিক্রি ও এগুলো বহনের সঙ্গে জড়িত গোষ্ঠীর সদস্যরা। অস্ত্র নিয়ন্ত্রণ আইনের এ পরিকল্পনায় হামলায় ব্যবহূত হয় এমন উচ্চক্ষমতাসম্পন্ন অস্ত্র নিষিদ্ধ করার কথা বলা হয়েছে। এ ছাড়া অস্ত্র বিক্রির ক্ষেত্রে ক্রেতার অতীত ইতিহাস নিরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব রাখা হয়েছে। ওবামা বলেন, ‘আগ্নেয়াস্ত্রের সহিংসতা কমানো এক কঠিন চ্যালেঞ্জ। তবে ক্ষতি থেকে আমাদের শিশুদের রক্ষার ব্যাপারে কোনো ধরনের বিভেদ ঠিক হবে না।’ আগ্নেয়াস্ত্রের নিয়ন্ত্রণ বিষয়ে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এই পরিকল্পনার রূপরেখা তুলে ধরতে গিয়ে ওবামা আরও বলেন, ‘আমরা বর্তমান অবস্থা চলতে দিতে পারি না। বিপজ্জনক অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণে আমাদের কাছে যেসব পন্থা রয়েছে, এর সবই আমরা প্রয়োগ করব।’ একই সঙ্গে ওবামা কংগ্রেসের প্রতি জনগণের ক্ষোভের বিষয়টি অস্বীকার না করার এবং তাঁর এ পরিকল্পনা আটকে না দেওয়ারও আহ্বান জানান। গত মাসে কানেটিকাটের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলি চালিয়ে ২০ শিশু হত্যা এবং এ ধরনের অন্য ঘটনা ছাড়াও আগ্নেয়াস্ত্রসংশ্লিষ্ট সহিংসতার ঘটনাগুলো দ্রুত তদন্তে প্রেসিডেনশিয়াল ক্ষমতাবলে ওবামা ২৩টি নির্বাহী আদেশেও সই করেছেন। আগ্নেয়াস্ত্র বিক্রির ক্ষেত্রে যেসব ফাঁকফোকর রয়েছে, তা অপসারণ এবং এসব অস্ত্রের ওপর নিষেধাজ্ঞাসংক্রান্ত বিধিমালা নবায়ন, তা জোরালো করাসহ আইন সংস্কারের পদক্ষেপ নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান তিনি। ওই ফাঁকফোকরের কারণে যুক্তরাষ্ট্রে একজন ক্রেতার অতীত তথ্য যাচাই ছাড়াই ৪০ শতাংশ আগ্নেয়াস্ত্র বিক্রির ঘটনা ঘটে। ওবামা বুধবার হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে তাঁর ওই পরিকল্পনা তুলে ধরেন। ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে একটি টাস্কফোর্স এ পরিকল্পনা তৈরিতে সাহায্য করে। অনুষ্ঠানে আগ্নেয়াস্ত্রের সহিংসতার শিকার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন নিউটাউন স্কুলে গুলিবর্ষণে নিহত এক শিশুর মা-বাবাও। এ সময় ওবামা বলেন, তাঁর পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হবে। যুক্তরাষ্ট্রের সংবিধানে মার্কিনদের অস্ত্র বহনের যে অধিকার রয়েছে, সেটির বিরোধিতা তিনি করেন না বলেও জানান ওবামা। যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের ব্যবহারে প্রতিবছর ১১ হাজার ব্যক্তি মারা যায়। এসব ঘটনা রোধে ওবামার পেশ করা এ পরিকল্পনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অস্ত্র বহনের সমর্থক রাজনীতিবিদেরা এর ঘোর বিরোধিতার ইঙ্গিত দিয়েছেন। এ রকমই একজন টেক্সাসের রিপাবলিকান গভর্নর রিক পেরি। রিক পেরি বলেন, ‘বন্দুকের ট্রিগার চাপার জন্য হাতের আঙুল প্রয়োজন। যে হতাশাগ্রস্ত তরুণ স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে হত্যাযজ্ঞ চালিয়েছিলেন, তিনি পরিষ্কারভাবে মানসিক বিকারগ্রস্ত হয়ে ওই কাণ্ড ঘটান। কোনো অস্ত্র আইনই ওই স্কুলের শিশুদের তাঁর হাত থেকে বাঁচাতে পারত না। এএফপি।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








