আবু ঘাইথকে নিউইয়র্কের আদালতে হাজির
আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের ‘মুখপাত্র’ ও জামাতা সুলাইমান আবু ঘাইথকে গতকাল শুক্রবার নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল কোর্টে হাজির করা হয়েছে। গত মাসে আঙ্কারার একটি বিলাসবহুল হোটেল থেকে আল-কায়েদার সাবেক মুখপাত্র আবু ঘাইথকে গ্রেপ্তার করে তুরস্ক সরকার। ১ মার্চ তাঁকে জর্ডানে পাঠিয়ে দেয় তুর্কি কর্তৃপক্ষ। সেখান থেকে সিআইএ তাঁকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। আবু ঘাইথ ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য সংস্থায় (টুইন টাওয়ার) হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন বলে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন। ইরান ও জর্ডানে পালিয়ে থাকলেও আল-কায়েদার শীর্ষ নেতা হিসেবে মার্কিন বাহিনীর নজরে ছিলেন আবু ঘাইথ। আল-কায়েদার তহবিলসহ পাকিস্তান-আফগানিস্তানে সংগঠনের মূল কাঠামোতে তাঁর প্রভাব ছিল বলে যুক্তরাষ্ট্র মনে করে। মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিখ হোল্ডার জানান, আবু ঘাইথের গ্রেপ্তারের মধ্য দিয়ে একটি নির্ভুল বার্তাই সর্বত্র পৌঁছাবে। আর কংগ্রেসের সদস্য পিটার কিং আবু ঘাইথের গ্রেপ্তারের বিষয়টিকে আল-কায়েদার বিরুদ্ধে লড়াইয়ে ‘বড় ধরনের বিজয়’ বলে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের আইন বিভাগের কর্মকর্তারা জানান, আবু ঘাইথ ২০০১ সালের মে মাস থেকে ২০০২ পর্যন্ত বিন লাদেনের পাশে থেকে কাজ করেছেন। তিনি আল-কায়েদার পক্ষে কথা বলতেন এবং বিশ্বব্যাপী ১১ সেপ্টেম্বরের মতো আরও হামলা চালানোর হুমকি দিতেন। ২০০২ সালে কিছু সময়ের জন্য ইরানে চোরাচালানের কাজেও যুক্ত ছিলেন তিনি। জর্ডানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আবু ঘাইথকে আটকের পর যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে। দুই দেশের বন্দী বিনিময় চুক্তির আলোকেই এটা করা হয়েছে।নিউইয়র্ক প্রতিনিধি/প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








