উচ্চশিক্ষা গ্রহণ করি, আলোকিত সমাজ গড়ি: ইউএমএসএ
মাহমুদা টুম্পা : “পরের কারণে স্বার্থ দিয়ে বলি
এ জীবন মন সকলি দাও
তার মত সুখ কোথাও কি আছে
আপনার কথা ভুলিয়া যাও”
কবির কবিতার মত স্বার্থহীনভাবে এগিয়ে চলছে তারুণ্যের উদ্যোগে ‘ইউএমএসএ’ নামক সংগঠনটি। সালটি ছিল ২০১৮। শুরুর পথটা কুসুমাকীর্ণ ছিল না। প্রথমে অনলাইনেই অধ্যয়নরত গাবতলি উপজেলার মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খুঁজে বের করা হয়। তারপর নানা চড়াই-উতরাই পেরিয়ে সশরীরে উপস্থিত মিটিংয়ের ব্যবস্থা করা হয়। ধীরে ধীরে দৃপ্ত পায়ে সুসংগঠিত হয় ইউনিভার্সিটি এন্ড মেডিকেল স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (ইউএমএসএ-UMSA)। যা বগুড়া জেলার গাবতলি উপজেলায় অবস্থিত। ২০১৮ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হলেও কমিটি দেওয়া হয়েছিল ২০১৯ সালে। সংগঠনটির মূল উদ্দেশ্য গ্রামীণ শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া। ‘উচ্চশিক্ষা গ্রহণ করি, আলোকিত সমাজ গড়ি’ এই স্লোগানকে কেন্দ্র করে প্রায় ৪ বছর এগিয়ে যাচ্ছে এই সংগঠনটি। গাবতলি উপজেলার মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সংগঠনে যুক্ত। উপজেলার শিক্ষাব্যবস্থাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে তারা দৃঢ় সংকল্পবদ্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লাসহ বিভিন্ন মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গ্রামীণ ছেলেমেয়েদের মাঝে শিক্ষার সচেতনতা বৃদ্ধিতে নিঃস্বার্থ সাহায্যদের হাত প্রসারিত করেছেন। মহৎ সেবাব্রতের পূর্ণ দীক্ষায় ব্যস্ত সংগঠনটির প্রত্যেক সদস্য। ইউএমএসএ নিঃসন্দেহে একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও ব্যতিক্রমী সংগঠন। উপজেলার এই ছোট্ট সংগঠনটি প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষার সচেতনতা, উৎসাহ ও আগ্রহী করাতে সর্বদা সচেষ্ট। পাশাপাশি একই সুতোয় বাঁধানো বিভিন্ন মেডিকেল- বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নির্লোভ, নিরহংকার,পরিশ্রমী, স্বার্থহীন, সুন্দর ও ঐক্যবদ্ধ প্লাটফর্ম। শুধু তাই নয়, সংগঠনটি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা দান করে। এডমিশন ভর্তি পরীক্ষায় আবাসন সংকট দূর, যাতায়াত ভাড়া ও প্রয়োজনাদি খরচাপাতি দিয়ে থাকে। করোনাকালেও থেকে নেই সংগঠনটির সুমহান কার্যক্রম। অনলাইনেই এইচএসসি শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস, পরীক্ষা ও খাতা মূল্যায়ণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ- মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষার বিষয়ে প্রয়োজনীয় আদেশ নিষেধ ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে অনেক অনভিজ্ঞ, অনাগ্রহী-জরাগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ে পড়ার চেতনার সঞ্চার হয়েছে। করোনায় হতাশাগ্রস্ত এডমিশন ভর্তি পরীক্ষার্থীদের উৎসাহ-আনন্দ ও অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়েছে। প্রায় ২০০ জন এসএসসি শিক্ষার্থীদের মাঝে কলেজে ভর্তি বিষয়ে সরাসরি দিকনির্দেশনা, স্কুল কলেজে উচ্চ শিক্ষার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করেছে। এদিকে সংগঠনটি শুরুর সঙ্গে সঙ্গেই দেখা মিলেছে গাবতলি উপজেলার মহৎ, উদার ও আত্মত্যাগপরায়ণ কিছু মানুষের। যারা এখন বিবিএস ক্যাডার ও সরকারি কর্মক্ষেত্রে কর্মরত। যাদের সাথে সৌজন্যে সাক্ষাতে আন্তরিকতার মতবিনিময় চলে। এমনকি অনলাইন প্লাটফর্মেও চলে বিসিএস ও সরকারি চাকুরী বিষয়ক জিজ্ঞাসাসূচক সেমিনার। আবার কেউ কেউ অর্থনৈতিক ভারাক্রান্ত শিক্ষার্থীদের সমস্ত খরচ নিজের হাতে তুলে নেন। প্রথম দিকে মাত্র ৩০ জন শিক্ষার্থী নিয়ে কার্যক্রম শুরু হলেও বর্তমানে এর সদস্য সংখ্যা প্রায় ২০০ জন। সংগঠনটির অন্যান্য কার্যক্রমের মধ্যে রয়েছে; ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ, রক্তদান কর্মসূচি, করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, দরিদ্র জনগোষ্ঠীকে চিকিৎসা বিষয়ক সেবা প্রদান ইত্যাদি। তাছাড়া ২০১৯-২০ শিক্ষাবর্ষের কৃতি শিক্ষার্থীদের বড় পরিসরে সংবর্ধনা ও নবীন বরণের অনুষ্ঠান পালন করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ডা. মামুন সরকার এখন ৪২ তম বিসিএস-এ স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত। তিনি বলেছেন, ‘শিক্ষার উদ্দেশ্য মানবতার জাগরণ। আমি মানবতা ও ভালোলাগার জায়গা থেকে এই সংগঠনে যুক্ত। শুধু নিজেই প্রতিষ্ঠিত হলে হবে না। এলাকার প্রতি আমার একটা দায়িত্ব রয়েছে। আমি চাই অফুরন্ত সম্ভাবনাময় শিক্ষার্থীরা উচ্চশিক্ষা সম্পর্কে জানুক, তারা শিক্ষিত হয়ে এলাকাকে সমৃদ্ধ করুক।’ সংগঠনটির উদ্যোক্তা ও সাংগঠনিক সম্পাদক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তিনি বলেছেন, ‘প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থীরাই আছে, যারা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছুই জানে না। আমরা চাই তাদের চোখে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নকে প্রাণবন্ত করতে। যেসব সমস্যায় আমাদের পড়তে হয়েছে, সেসব সমস্যায় এসব কোমলমতি শিক্ষার্থীদের পড়তে যেন না হয়। উচ্চশিক্ষার জাগরণ সম্প্রসারিত হলেই সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হবে।’ এছাড়াও ইউএমএসএ এর প্রত্যেক সদস্যরাই আশাবাদী অদূর ভবিষ্যতে গাবতলিকে উচ্চশিক্ষায় সারা দেশের মধ্যে উৎকৃষ্ট আদর্শ হিসেবে পরিণত করতে পারবেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








