গ্রীষ্মের মধ্যেই পাস হতে পারে অভিবাসন আইন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, গ্রীষ্মের মধ্যেই অভিবাসন আইন পাস হতে পারে। এই আইনের ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে কংগ্রেসকে চাপ দিয়েছেন তিনি। ওবামা বলেন, অভিবাসন আইনের ব্যাপারে শেষ মুহূর্তে যে বাধাগুলো সৃষ্টি হয়েছে, তা ‘সমাধানযোগ্য’।
স্প্যানিস ভাষার দুটি টেলিভিশনকে গত বুধবার দেওয়া সাক্ষাৎকারে ওবামা অভিবাসন বিল তৈরির কাজের দায়িত্বপ্রাপ্ত সিনেট কমিটির প্রতি আস্থা প্রকাশ করেন। তার পরও ওবামা বলেন, কোনো কারণে সিনেট কমিটি ব্যর্থ হলে তিনি নিজে একটি বিল উপস্থাপনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। একই সঙ্গে তিনি বলেন, ‘আমি আশা করি, আমার সেই পদক্ষেপ গ্রহণের প্রয়োজন হবে না।’
অভিবাসন বিল তৈরির জন্য ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ও বিরোধী দল রিপাবলিকান পার্টির চারজন করে মোট আটজন সিনেটরকে নিয়ে সিনেট কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি কয়েক সপ্তাহ ধরে ওই বিল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।
টেলেমুনডো টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা বলেন, ‘আগামী মাসের মধ্যে যদি অভিবাসন আইনসংক্রান্ত বিলটি আমরা হাতে পাই, তাহলে আমি আশাবাদী যে গ্রীষ্মের মধ্যেই নিশ্চিতভাবেই তা আইনে পরিণত করা যাবে।’ ওবামা বলেন, সিনেট কমিটি আগামী মাসের মধ্যে বিল প্রস্তুত করতে পারবে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে।
সিনেট কমিটি অভিবাসন বিল তৈরির ক্ষেত্রে অনেক বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। তবে ভবিষ্যতে বিদেশি কম দক্ষ শ্রমিকদের মজুরি প্রশ্নে সিনেটরদের মধ্যে বিতর্ক চলছে। এ প্রসঙ্গে ওবামা বলেন, এটা ‘সমাধানযোগ্য বিষয়’।
ইউনিভিশন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে একই বিষয়ে কথা বলেন ওবামা। গত সোমবার হোয়াইট হাউসে দেওয়া ‘নাগরিকত্ববিষয়ক অনুষ্ঠানের’ আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে ওবামা অভিবাসন আইনসংক্রান্ত যাবতীয় কাজ দ্রুত শেষ করতে কংগ্রেসকে চাপ দেন।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অভিবাসন আইন সংস্কারকেই অগ্রাধিকার দিচ্ছেন ওবামা। প্রথম মেয়াদে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করলেও তাতে তেমন অগ্রগতি হয়নি। গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এই ইস্যুতে প্রতিদ্বন্দ্বী মিট রমনির চেয়ে ইতিবাচক অবস্থানে ছিলেন ওবামা। নির্বাচনে তার ফলও পেয়েছেন তিনি। নির্বাচনে অভিবাসী বিশেষ করে হিসপানিক ভোটারদের প্রায় নিরঙ্কুশ সমর্থন পান ওবামা।
এর আগে রিপাবলিকানরা অভিবাসন আইন সংস্কারের ব্যাপারে কঠোর অবস্থানে থাকলেও এবার কিছুটা নমনীয়। এ কারণে ডেমোক্র্যাটরা আশা করছেন, যে বিল আনা হচ্ছে, তার প্রতি রিপাবলিকানদের ভালো সমর্থন পাওয়া যাবে। তাই অনেকেই আশা করছেন, এবার অভিবাসন আইন পাস হবে।
যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। এপি।প্রথম আলো
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








