জনপ্রিয় হলিউড তারকা ডিক্যাপ্রিও সেরা অভিনেতা : তারকাদের পদচারণায় মুখর অস্কারের লালগালিচা
ফয়সাল রাব্বিকীন : সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গতকাল জমকালো আয়োজনে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হয় ৮৮তম একাডেমি অ্যাওয়ার্ড (অস্কার) অনুষ্ঠান। সেরাদের সেরার হাতে তুলে দেয়া হয় পুরস্কার। সকাল সাড়ে ৭টায় বিশ্বের বিখ্যাত সব তারকার পদচারণায় মুখর হয়ে উঠে অস্কারের লালগালিচা। এতে নানা রকম বাহারি পোশাকে হলিউড অভিনেত্রীদের ক্যাটওয়াক ছিল চোখ ধাঁধানো। অস্কারের পুরো আয়োজনটির উপস্থাপনার দায়িত্বে ছিলেন হলিউড তারকা ক্রিস রক। এবারের অস্কারে ‘দ্যা রেভেন্যান্ট’ এবং ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ছবির জয়জয়কার ছিল। বেশকিছু বিভাগে পুরস্কার জিতে নেয় ছবি দুটি। এদিকে সেরা অভিনেতার পুরস্কার হাতে উঠে জনপ্রিয় হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওর হাতে। এবারের আসরের সবচেয়ে উল্লেখযোগ্য দিকও ছিল এটি। কারণ এর আগে সেরা অভিনেতা হিসেবে ছয় ছয় বার অস্কার মনোনয়ন পেয়েছেন ডিক্যাপ্রিও। কিন্তু দুর্ভাগ্যক্রমে অস্কার মূর্তি হাতে উঠেনি তার। এ নিয়ে সমালোচনার মুখোমুখি হতে হয়েছে অস্কার কর্তৃপক্ষকেও। তবে এবার ‘দ্যা রেভেন্যন্ট’-এ তিনি যে অসাধারণ অভিনয় করেছেন তা আগের সব ছবিকে ছাপিয়ে গেছে, এমনটাই মত দিয়েছিলেন চলচ্চিত্রবোদ্ধারাও। অবশেষে সেই মতের সঙ্গে মিলে গিয়ে অস্কারে সেরা অভিনেতা হলেন ডিক্যাপ্রিও। অস্কার প্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত অস্কার পেলাম। জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি এটি। আমি অভিভূত। ‘দ্যা রেভেন্যান্ট’ ছবির সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। এদিকে এবারের অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ব্রি লারসন। ‘রুম’ ছবিতে পাঁচ বছর বয়সী পুত্রসন্তানকে নিয়ে ছোট একটি ঘরে জিম্মি থাকা মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য এ পুরস্কার পেলেন তিনি। কেট ব্ল্যানচেট, জেনিফার লরেন্স, চার্লোট র্যাম্পলিং ও সাওয়ার্স রোনানের মতো অভিনেত্রীদের মধ্যে থেকে এ পুরস্কারটি পেয়েছেন ২৬ বছর বয়সী এ মার্কিন অভিনেত্রী। ৮টির মধ্যে থেকে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘স্পটলাইট’। অন্যদিকে ‘দ্যা রেভেন্যান্ট’ ছবির জন্য টানা দ্বিতীয়বারের সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন আলেহান্দ্রো গঞ্জালেস ইনারিতু। মেক্সিকান এ নির্মাতা গতবার ‘বার্ডম্যান’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হিসেবে অস্কার জিতেছিলেন। স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘ব্রিজ অফ স্পাইস’ ছবিতে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন ৫৬ বছর বয়সী অভিনেতা মার্ক রাইল্যান্স। ‘দ্যা ড্যানিশ গার্ল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অ্যালিসিয়া ভিক্যান্দার। এবার পাকিস্তানি-কানাডিয়ান নির্মাতার ‘অ্যা গার্ল ইন দ্য রিভার: দ্যা প্রাইস অফ ফরগিভনেস’ সেরা স্বল্প দৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের পুরস্কার জিতে চমক তৈরি করে। এবারের অস্কারে আরও বিভিন্ন বিভাগে পুরস্কার পেয়েছে সেরা মৌলিক চিত্রনাট্য (স্পটলাইট: টম ম্যাককার্থি, জশ সিঙ্গার), সেরা অ্যডাপ্টেড চিত্রনাট্য (দ্যা বিগ শর্ট : অ্যাডাম ম্যাককে, চার্লস রেনডলফ), সেরা পোশাক পরিকল্পনা (ম্যাড ম্যাক্স ফিউরি রোড: জেনি বিভ্যান), সেরা শিল্প নির্দেশনা (ম্যাড ম্যাক্স ফিউরি রোড : কলিন গিবসন, লিসা থম্পসন), সেরা রূপসজ্জা ও চুলসজ্জা (ম্যাড ম্যাক্স ফিউরি রোড: লেসলি ভ্যান্ডারওয়াল্ট, এলকা ওয়ারডেগা, ড্যামিয়েন মার্টিন), সেরা চিত্রগ্রহণ (দ্যা রেভেন্যান্ট: ইমানুয়েল লুবেজকি), সেরা চলচ্চিত্র সম্পাদনা (ম্যাড ম্যাক্স ফিউরি রোড : মার্গারেট সিক্সেল, সেরা শব্দ সম্পাদনা: (ম্যাড ম্যাক্স ফিউরি রোড: মার্ক ম্যাঙ্গিনি, ডেভিড হোয়াইট), সেরা শব্দ মিশ্রণ (ম্যাড ম্যাক্স ফিউরি রোড (ক্রিস জেনকিন্স, গ্রেগ রুডলফ, বেন ওসমো), সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি (বিয়ার স্টোরি : গ্যাব্রিয়েল ওসোরিও, প্যাটো এসক্যালা), সেরা অ্যানিমেটেড ছবি (ইনসাইড আউট), সেরা ভিজ্যুয়াল ইফেক্টস (এক্স মেকিনা: অ্যান্ড্রু হোয়াইটহার্স্ট, পল নরিস, মার্ক আর্ডিংটন, সারা বেনেট), সেরা ফিচার প্রামাণ্যচিত্র (অ্যামি), সেরা বিদেশি ভাষার ছবি (সান অব সাউল, হাঙ্গেরি), সেরা মৌলিক সুর সংযোজন (দ্যা হেইটফুল এইট), সেরা মৌলিক গান (রাইটিংস অন দ্যা ওয়াল: স্যাম স্মিথ, ছবি: স্পেক্টর) এবং সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অস্কার পেয়েছে ‘স্টাটারার’ ছবিটি। মানবজমিন
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








