নিউইয়র্কে তিন দিনব্যাপি রিহ্যাব দেশবাড়ি ফেয়ার শুরু: অনুমতি ব্যতিত বাংলাদেশে বাড়ি নির্মাণ করা যাবে না
এনাঃ বিপুল উৎসাহ-উদ্দীপনায় নিউইয়র্কে ৯ অক্টোবর শুরু ৩দিনের রিহ্যাব দেশবাড়ি হাউজিং ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদে গণপূর্ত ও গৃহায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, সিটি ও পৌর সভার বাইরে দালান-কোঠা নির্মাণ করতে হলে ন্যাশনাল হাউজিং অথরিটির অনুমতি লাগবে।

সিটি ও পৌর এলাকায় থাকবে পৃথক আরেকটি অথরিটি। এভাবে পরিকল্পিত নগরায়নের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। তা না হলে ২০৪০ সালের পর বাংলাদেশে কৃষি জমি খুঁজে পাওয়া যাবে না। সরকারের নগরায়ন প্রকল্পে সুধীজনের পাশাপাশি প্রবাসীদেরও আন্তরিক সহায়তা চেয়েছেন ফজলে করিম এমপি। বিশ্বের রাজধানী হিসেবে খ্যাত নিউইয়র্ক সিটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মেডিসন স্কোয়ার গার্ডেন সংলগ্ন পেন প্লাজা মিলনায়তনে দেশবাড়ি হাউজিং ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন রিহ্যাব চেয়ারম্যান ও গণপূর্ত ও গৃহায়ন সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নসরুল হামিদ বিপু এমপি, নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল সাব্বির আহমেদ চৌধুরী, রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ড. তৌফিক এম সিরাজ এবং রিহ্যাবের সেক্রেটারী মুরাদ ইকবাল। ফেয়ার প্রাঙ্গনে বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের পরিপূরক একটি বটগাছ স্থাপন করা হয়। সেই বটগাছের পাশে রাখা হয়েছে একটি রিক্সা। এভাবেই প্রিয় মাতৃভূমির আমেজে প্রবাসীদের আবিষ্ট করে অধিকসংখ্যায় প্লট/এপার্টমেন্ট ক্রয়ে উৎসাহিত করার একটি প্রয়াস পরিলক্ষিত হয় রিহ্যাব ফেয়ারকে ঘিরে। আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটে ফেয়ারের কার্যক্রম শুরু করা হয়। এ সময় রিহ্যাব চেয়ারম্যান বলেন, আমরা এখানে শুধু ব্যবসার জন্যে আসিনি। প্রবাসীদের সাথে আমাদের সম্পর্ককে আরো মধুর করতে চাই। যে সম্পর্কের সেতু বেয়ে আরো বেশী প্রবাসী রাজধানীসহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এপার্টমেন্ট/প্লট ক্রয়ে আগ্রহী হবেন। তিনি বলেন, বর্তমান সরকার সর্বাত্মক সহায়তা দিয়েছেন রিয়েল এস্টেট সেক্টরের নৈরাজ্যকর পরিস্থিতির উত্তরণ ঘটাতে। আইন করা হয়েছে পরিকল্পিত নগরায়নের স্বার্থে। একইসাথে ক্রেতার স্বার্থ সংরক্ষণেও আইন তৈরী হয়েছে চলতি অধিবেশনেই। এ মেলায় ৬৫টি কোম্পানীর স্টল দেয়া হয়েছে। উদ্বোধনী দিবসে অনেকে দরদাম করেছেন, আবার আগের বছরে কেনা এপার্টমেন্ট/প্লটের সর্বশেষ অবস্থারও খোঁজ-খবর নেন অনেক প্রবাসী। উল্লেখ্য যে, নিউইয়র্কে গত ৬ বছর ধরে রিহ্যাব হাউজিং ফেয়ার হলেও এবারই প্রথম রিহ্যাব দেশবাড়ি ফেয়ার নাম দেয়া হয়েছে। এবারের মেলার বাজেট হচ্ছে পৌণে দুই কোটি টাকা। গত বছর ১০০ কোটি টাকার এপার্টমেন্ট/প্লট বিক্রির চুক্তি হয় বলে রিহ্যাব দাবি করেছিল। এবারও সে ধরনের ব্যবসার আশা নিয়ে কোম্পানীগুলো প্রবাসীদের কাছে এসেছেন বলে উল্লেখ করেন মুরাদ ইকবাল। এ বি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, নতুন আইন কার্যকরী হলে রিয়েল এস্টেট ব্যবসায়ীদেরকে নীতি-নৈতিকতার মধ্যে চলতে হবে। প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা আসবে। পরিবর্তনের যে ঢেউ বইছে বাংলাদেশে-এ সেক্টরেও তা বিস্তৃত হবে। এর ফলে ভূমি উন্নয়ন ও নির্মাতারা উপকৃত হবেন।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








