নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি যুবক শাহেদ নিহত, প্রবাসীদের উদ্বেগ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির জ্যামাইকায় দুর্বৃত্তের গুলিতে সোমবার ভোররাত সাড়ে ৪টায় এক বাংলাদেশি যুবক নিহত এবং আরো দু’জন আহত হয়েছেন। নিহত মো. শাহেদ উদ্দিন (২৭) ছিলেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবরউদ্দিনের ছেলে। আহতদের একজনের বয়স ২৮। তার বাড়ি সিলেট এবং অপরজন ২৭ বছর বয়েসী কৃষ্ণাঙ্গ।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন মূখপাত্র জানিয়েছেন, রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট এবং ৯২ এভিনিউতে অবস্থিত একটি নাইট ক্লাবের সামনে ভোররাত সাড়ে ৪টায় বিবদমান দুই গ্রুপের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। শাহেদের বুকে গুলিবিদ্ধ হয় বলে পুলিশ উল্লেখ করেছে। অকুস্থল পুলিশ বেষ্টনীতে তদন্ত চলছে। ঘটনার সাড়ে ৭ ঘণ্টা পর পর্যন্ত (এ রিপোর্ট লেখার সময়) কোন দুর্বৃত্ত গ্রেফতার হয়নি। তবে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে দুর্বৃত্তদের ব্যাপারে।
কমিউনিটি লিডার বাশার ভূইয়া এ সংবাদদাতাকে জানান, ঘটনায় হতভম্ব গোটা কমিউনিটি। কয়েক ঘণ্টা আগে নিহত যুবকসহ আরো অনেকে একটি অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকেই মো. শাহেদসহ কয়েকজন বাসায় ফেরার আগে ঐ ক্লাবে গিয়েছিলেন। আরো জানা গেছে, সন্দ্বীপের সন্তান বাবর উদ্দিনের কন্সট্রাকশন ব্যবসা দেখা-শোনা করতেন মো. শাহেদ। তিনি ছিলেন ৫ ভাইয়ের মধ্যে দ্বিতীয়। তার মৃত্যুতে প্রবাসীদের মধ্যে উদ্বেগ তৈরী হয়েছে।
উল্লেখ্য, ৫ বছর আগে প্রায় একই এলাকার একটি নাইট ক্লাবের সামনে পিটিয়ে হত্যা করা হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা নজমুল ইসলামকে। ঘাতকদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। তবে এবারের ঘটনায় অস্ত্র ব্যবহার করা হয়েছে। সকলেই আশা করছেন অবিলম্বে দুর্বৃত্তরা গ্রেফতার হবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মো. শাহেদের ময়না তদন্ত শেষে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এরপর নিউজার্সিতে সন্দ্বীপ সোসাইটির কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, আহতরা জ্যামাইকা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের দুজনেরই পায়ে ও পিঠে গুলি লেগেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরো উল্লেখ করেছে যে, শাহেদকে হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসকরা জানান অকুস্থলেই তার প্রাণবায়ু উড়ে গেছে।
এদিকে, এহেন হত্যাযজ্ঞে লিপ্তদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দেলোয়ার হোসেন, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, নিউইয়র্ক স্ট্রেট বিএনপির নেতা আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু এবং যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহের। এনআরবি নিউজ
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








