মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার জয়ে রমনির অভিনন্দন
ছবি: রয়টার্স I
অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বারাক ওবামা পুনর্নির্বাচিত হয়েছেন। প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী মিট রমনি তাঁর পরাজয় মেনে নিয়ে ওবামাকে অভিনন্দন জানিয়েছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়। সর্বশেষ ফলাফলে ওবামা ৩০৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি পেয়েছেন ২০৬টি। নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে কমপক্ষে ২৭০টি ভোট নিশ্চিত করতে হয়। এখনো বেশ কিছু অঙ্গরাজ্যের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। এ ক্ষেত্রে ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে ২৯টি। এদিকে ওবামার বিজয় নিশ্চিত হওয়ার পর বোস্টনে নিজের সমর্থকদের উদ্দেশে বক্তৃতা দিয়েছেন রমনি। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ওবামাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তিনি। সমর্থকদের উদ্দেশে রমনি বলেন, ‘আমেরিকার জন্য এটা বড় কঠিন সময়। আমি প্রার্থনা করি, জাতিকে সঠিকভাবে পরিচালনা করতে সফল হবেন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার প্রথম প্রহরে শুরু হয় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট নেওয়া। ১৯৪৮ সাল থেকে চলা ঐতিহ্য অনুযায়ী নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের দুটি ছোট গ্রামের বাসিন্দারা প্রথম ভোট দেন। নির্বাচনের আগে প্রকাশিত বিভিন্ন জনমত জরিপের ফলাফলে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল। তবে সব ভবিষ্যদ্বাণী ও অনুমান উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ের হাসি হাসলেন ওবামা। ভোটারদের পক্ষে টানতে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যান উভয় প্রার্থী ও তাঁদের কর্মীরা। এর মধ্যে মিট রমনি নির্বাচনের দিনও প্রচারণা চালিয়েছেন পেনসিলভানিয়া ও ওহাইও অঙ্গরাজ্যে। নির্বাচনের দিন প্রচারণার ঘটনা মার্কিন ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। মঙ্গলবার সকালেই রমনি ও তাঁর স্ত্রী ভোট দেন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে নিজ শহর বেলমন্টের বিচ স্ট্রিট ভোটকেন্দ্রে। ওবামা ভোট শুরুর আগে গত সোমবার সর্বশেষ প্রচারণা চালান আইওয়া অঙ্গরাজ্যে। প্রচারমাধ্যমের সব আলো শীর্ষ দুই প্রার্থীর ওপর থাকলেও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুই ডজনের বেশি প্রার্থী। এর মধ্যে সব কয়টি অঙ্গরাজ্যের ব্যালটে নাম ছিল শুধু ডেমোক্রেটিক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা (৫১) ও রিপাবলিকান প্রার্থী ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর মিট রমনির (৬৫)। ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন জো বাইডেন। রিপাবলিকান পার্টিতে ছিলেন পল রায়ান। ওবামা ও রমনি ছাড়া প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে ছিলেন লিবার্টারিয়ান দলের নেতা নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সাবেক গভর্নর গ্যারি জনসন, প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য রিপাবলিকান দলের নেতা ভার্জিল গুড ও গ্রিন পার্টির নেতা জিল স্টেইন। নির্বাচনে তাঁরা কোনো সুবিধা করতে পারেননি।প্রথম আলো
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








