যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন : রিপাবলিকান দল থেকে আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রে আগামী ৭ই নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া হলো ডোনাল্ড ট্রাম্পকে। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করবেন। এ সময় তার বক্তব্য দেয়ার কথা আছে। সোমবার থেকে ক্লিভল্যান্ডে শুরু হওয়া রিপাবলিকান দলের চার দিনব্যাপী জাতীয় সম্মেলনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হয়। সম্মেলনের দ্বিতীয় দিনেই ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প মোট ১,৭২৫টি ডেলিগেট পেয়েছেন। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ পেয়েছেন ৪৭৫টি ডেলিগেট। ওহাইওর গভর্নর জন কাসিচ পেয়েছেন ১২৯টি ডেলিগেট। আর ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওর সংগ্রহ ১১৩টি ডেলিগেট। দল থেকে প্রার্থিতা নিশ্চিতের জন্য ন্যূনতম ১,২৩৭টি ডেলিগেট প্রয়োজন ছিল। এর চেয়ে অনেক বেশি ডেলিগেটই অর্জন করেছেন ট্রাম্প। কিন্তু তার অনেক বক্তব্যই দলের মধ্যে বিভক্তি তৈরি করেছিল। আর সে কারণেই সন্দেহ ছিল, শেষ পর্যন্ত তাকে দল থেকে মনোনয়ন দেয়া হবে কি না। পরে অবশ্য ট্রাম্প দলের ঐক্য ফিরিয়ে আনতে বেশকিছু উদ্যোগ গ্রহণ করেন। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তাই শেষ পর্যন্ত ট্রাম্পই পেলেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের চূড়ান্ত টিকিট। এ খবর জানার পর ভিডিও ম্যাসেজে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মনোনয়ন জেতা তার কাছে এমন কিছু, যা তিনি কোনোদিন ভুলবেন না। এই লড়াই সব দিক দিয়ে চালিয়ে নিতে হবে। তিনি আরও বলেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হবেন। তিনি যুক্তরাষ্ট্রে বাস্তব পরিবর্তন আনবেন। নেতৃত্ব ফিরিয়ে নেবেন ওয়াশিংটনে। মনোনয়ন প্রক্রিয়া উদ্বোধন করেন আলাবাসার সিনেটর জেফ সেশন। তিনি ঘোষণা করেন, বিলিয়নিয়ার ট্রাম্প একজন যোদ্ধা, একজন বিজয়ী। নিউ ইয়র্কের প্রতিনিধি ক্রিস কলিন্স এরপরই বলেন, সন্ত্রাসকে পরাজিত করবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রকে আবার নিরাপদ করবেন। এক সময় ট্রাম্পের প্রচারণা বিষয়ক ম্যানেজার ছিলেন কোরি লেওয়ানদোস্কি। গত মাসে তাকে বরখাস্ত করা হয়। তা সত্ত্বেও তিনি বলেছেন, তার নিজের রাজ্য নিউ হ্যাম্পশায়ার তার বন্ধু ও যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে ভোট দেবে। মনোনয়নের চূড়ান্ত ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়র। তিনি বলেন, যে ডেলিগেট গণনা করা হয়েছে তাতে নিউ ইয়র্কে ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৮৯ ভোট। আর ওহাইওর গভর্নর জন কাসিচ পেয়েছেন ৬ ভোট। তিনি বলেন, ডোনাল্ট ট্রাম্পকে ডেলিগেশনের হিসেবে সবার শীর্ষে রাখার ঘোষণা আমার জন্য সম্মানের। অভিনন্দন, বাবা। আমি তোমাকে ভালোবাসি। এ সময় সম্মেলনস্থল স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এর মধ্য দিয়ে আগামী ৭ই নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্তভাবে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।মানবজমিন
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








