রেসকিউ সাভার্স ফিউচার: সাভারের অসহায় শিশুদের জন্য অপটিমিস্টস্-এর বিশেষ কর্মসূচি
নিউইয়র্ক, সাভারের মর্মান্তিক ভবন-ধ্বসের ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে আনুমানিক তিন হাজারেরও অধিক পরিবার। সাথে সাথে চরম অসহায় অবস্থার মুখোমুখী হয়েছে এসব পরিবারের অসংখ্য শিশু-কিশোর। দুঃস্বপ্নের মতো এক আশাহীন অন্ধকার গ্রাস করেছে এসব শিশু-কিশোরদের অধিকাংশের ভবিষ্যত স্বপ্নকে। নিত্যদিনের দুঃখ-কষ্টের মাঝেও পারিবারিক মায়া-মমতার যে নির্ভরতা ছিলো এদের জীবনে, রানা প্লাজার সাথে সাথে সেটাও ধ্বসে পড়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সেবামূলক সংগঠন দি অপটিমিস্টস্ এসব শিশুদের সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সহায়তা প্রদান করা হবে ‘রেসকিউ সাভারস্ ফিউচার’ নামের একটি দীর্ঘমেয়াদী স্পেশাল চাইল্ড স্পন্সরশিপ কর্মসূচি চালুর মাধ্যমে। আর জাতিসঙ্ঘে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশন এই উদ্যোগে সম্ভাব্য সর্বাত্মক সহায়তা দেবে।
পরিকল্পিত ‘রেসকিউ সাভারস্ ফিউচার’ কর্মসূচিটি মূলতঃ অপটিমিস্টস্-এর ৬ষ্ঠ গ্রেড থেকে ১০ম গ্রেড পর্যন্ত শিশু স্পন্সরশিপ কর্মসূচির একটি সম্প্রসারিত রূপ। শিশু স্পন্সরশিপ কর্মসূচিতে যেমন একটি শিশুর দৈনন্দিন জীবনের সকল প্রয়োজনীয় বিষয়, যেমন, বই-খাতা, স্কুল-ব্যাগ, জুতা-মোজা, টুথপেস্ট-টুথব্রাশ, টিকা-ইঞ্জেকশন, নিয়মিত ও জরুরি স্বাস্থ্য সহায়তা, পরিবারের জন্য নগদ অর্থ, প্রণোদনামূলক পরামর্শ ও তত্ত্বাবধান, ইত্যাদি প্রদান করা হয়, ‘রেসকিউ সাভারস্ ফিউচার’ কর্মসূচিতেও এর সব কিছু দেওয়া হবে। তবে অপটিমিস্টস-এর নিয়মিত শিশু স্পন্সরশিপ কর্মসূচি যেমন শুরু হয় ৬ষ্ঠ শ্রেণি থেকে, ‘রেসকিউ সাভারস্ ফিউচার’ কর্মসূচি শুরু হবে ৩য় শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত যেকোন শ্রেণি থেকে এবং তা চলবে ১০ম শ্রেণি পর্যন্ত। বিশেষ মেধা ও প্রতিভার প্রমাণ দিতে পারলে শিশুদের সুবিধাপ্রাপ্তি উচ্চতর পর্যায় পর্যন্ত সম্প্রসারিত হতে পারে।
‘রেসকিউ সাভারস্ ফিউচার’ কর্মসূচি নিয়ে আলোচনা ও কর্মসূচিটি বাস্তবায়নের জন্য সকল মহলের সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণ কামনা করে বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনের সহায়তায় আগামী ২৬ মে, বেলা সাড়ে তিনটায় ম্যানহাটানস্থ বাংলাদেশ সরকারের স্থায়ী মিশনে (820 2nd Avenue, 4th Floor) একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সাভারের অসহায় শিশুদের সহায়তা প্রদানে আগ্রহীদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান হয়েছে। আগ্রহীদের যারা উক্ত সভায় উপস্থিত পারবেন না, তাদেরকে ‘রেসকিউ সাভারস্ ফিউচার’ কর্মসূচির বিস্তারিত জানার এবং অপটিমিস্টস্-এর তহবিলে আয়করমুক্ত অনুদান প্রদানের জন্য অপটিমিস্টস্-এর ওয়েবসাইট (theoptimists.org) দেখতে আহ্বান জানান হয়েছে। 718-278-4953 নম্বরে ফোন করেও বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
নিউইয়র্কে সাংবাদিক সম্মেলন : ভবন-ধ্বসে
ক্ষতিগ্রস্থ গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের সহায়তা
দেবে অপটিমিস্টস
নিউইয়র্ক, সাভারের ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়ে যে শিশুগুলো তাদের মা কিংবা বাবা অথবা মা-বাবা দুজনকেই হারিয়ে এখনও কাঁদছে, অসহায় জীবনের ভবিষ্যত নিয়ে ভাবতেও যারা জানে না, তাদের জন্য সহায়তার হাত বাড়িয়েছে নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের সংগঠন দ্য অপটিমিস্টস। সত্যিই আশার প্রদীপ হাতে এগিয়েছে সংগঠনটি। সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে একটি সাংবাদিক সম্মেলন করে প্রতিষ্ঠানটি জানিয়েছে তাদের এই উদ্যোগের কথা। তারা জানিয়েছে সাভারের ভবন ধসে হতাহতদের বিপর্যস্ত পরিবারগুলোর অন্তত ১০০টি ছেলেমেয়ের এসএসসি পর্যন্ত লেখাপড়ার সকল দায়িত্ব নেবে তারা।কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেসকিউ সাভারস ফিউচার’। নির্বাচিত প্রতিটি শিশু তার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় খাতা-পেন্সিল, স্কুল ব্যাগ, জুতা-মোজা, টুথপেস্ট-ব্রাশ, টিকা-ইঞ্জেকশন, নিয়মিত ও জরুরি স্বাস্থ্যসেবা, পরিবারের জন্য নগদ অর্থ সহায়তা, সার্বক্ষণিক পরামর্শ ও তত্ত্বাবধান নিশ্চিত করা হবে। প্রতিটি শিশুর জন্য বছরে ১৩৫ ডলার করে ব্যয় করা হবে। তবে এসএসসি পরীক্ষায় যারা ভালো রেজাল্ট (জিপিএ-৫) করবে তাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে দি অপটিমিস্টস। এসব কথা সাংবাদিকদের জানান সংগঠনের ভাইস চেয়ারম্যান মিনহাজ আহমেদ।

‘রেসকিউ সাভারস ফিউচার’ নামকরণের বিষয়ে সাংবাদিকদের বলছিলেন সংগঠনের প্রেসিডেন্ট ড. ফেরদৌস খন্দকার। তিনি বলেন, সাভারে আমরা হারিয়েছি শ্রমিকদের। কিন্তু এই শ্রমিকদের সন্তানেরা হারিয়েছে তাদের বাবা-মা আর একই সাথে তাদের ভবিষ্যত। সেই ভবিষ্যতকেই উদ্ধার করতে আমাদের এই কর্মসূচি।
কর্মসূচি সম্পর্কে আরও বিস্তারিত জানান মিনহাজ আহমেদ। তিনি বলেন, ভবস ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের জন্যই এই কর্মসূচি। সাধারণত ৬ষ্ঠ শ্রেণি থেকে এই কর্মসূচি শুরু হয়। কেবল সাভারের ক্ষেত্রেই এটি হবে তৃতীয় শ্রেণি থেকে। তৃতীয় থেকে দশম শ্রেণি যে পর্যায়েরই সন্তান এই ঘটনায় বাবা-মা হারালে কিংবা তাদের বাবা মা আহত হলে এই কর্মসূচির আওতায় পড়বে।
সম্পূর্ণ স্পন্সরভিত্তিক এই কর্মসূচির তহবিল গঠনেও সহায়তা চাওয়া হয়েছে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আয়োজকরা মানবিক এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়াতে আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের প্রতি। তারা বলেছেন, যে কেউ যে কোনো অংকে এই তহবিলে সহায়তা করতে পারেন। একই সঙ্গে যে কেউ একেকটি শিশুর স্পন্সরশীপের দায়িত্বও নিতে পারেন। দ্য অপটিমিস্টস এর পক্ষ থেকে সেই অর্থ সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ভুক্তভোগিতের কাছে পৌঁছে দেওয়া হবে।
অপটিমিস্টস এর বাংলাদেশ শাখা এরই মধ্যে এই সহয়তা পেতে পারে এমন শিশুদের তালিকা তৈরির কাজ শুরু করেছে বলেও জানান মিনহাজ আহমেদ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন সংগঠনের সাবেক চেয়ারম্যান রফিক উদ্দিন চৌধুরী রানা। তিনি বলেন, নিউইয়র্কের বাইরেও অপটিমিস্টস এর কার্যক্রম বিস্তৃত করার প্রচেষ্টা শুরু হয়েছে। এরই মধ্যে নিউ জার্সিতে একটি সভা করা হয়েছে। এছাড়াও মিশিগান, মিনেসোটা, ওহাইও কার্যক্রম বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ মাধ্যমকে এই কাজে সহযোগিতার আহ্বান জানিয়ে রানা চৌধুরী বলেন, বিষয়টি গণমাধ্যমের সহযোগিতায় অনেকের কাছে পৌঁছতে পারে। তাতে আরও বেশি স্পন্সর পাওয়ার সুযোগ থাকবে। অপটিমিস্টস এর আইটি শাখার প্রধান শাহেদ ইসলাম উপস্থিত সবার প্রতি তাদের ফেসবুক ফ্যানপেজ এ লাইক দেওয়ার ও মন্তব্য করার আহ্বান জানান। তিনি বলেন এর মাধ্যমে অপটিমিস্টস এর কার্যক্রম আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে। এছাড়াও সংগঠনের ওয়েব সাইটেও এর কার্যক্রম বিস্তারিত তুলে ধরা হয়েছে জানিয়ে তিনি বলেন, কেউ যদি অনলাইনে ডোনেট করতে আগ্রহী হন তার জন্য www.theoptimists.org/donate এই ঠিকানায় ব্রাউজ করার আহবান জানান তিনি।
সাংবাদিক সম্মেলন থেকেই কয়েকজন এই কর্মসূচিতে স্পন্সরের ঘোষণা দেন। বিষয়টিতে উচ্ছসিত হয়ে প্রেসিডেন্ট ড. ফেরদৌস খন্দকার প্রবাসি বাংলাদেশিদের মহানুভবতার প্রশংসা করেন। তিনি জানান, মাত্র কয়েকদিনের ক্যাম্পেইনেই ৫০টি শিশুর স্পন্সরশিপ নিশ্চিত করা গেছে। অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ ঘোষণা দেন এর পর থেকে দ্য অপটিমিস্টস তার যে কোনো কর্মসূচির জন্য বিনামূল্যে সোসাইটির হলরুম ব্যবহার করতে পারবে।
এই সংগঠনের সবাই স্বেচ্ছাসেবী কর্মী বলে জানান রফিক উদ্দিন চৌধুরী রানা। তিনে একে একে সাংবাদিক সম্মেলনে হাজির হওয়া স্বেচ্ছাসেবী কর্মীদের পরিচয় করিয়ে দেন। এরা হচ্ছেন শাহেদ ইসলাম, ফাতেমা শাহব রুমা, নিশাত হক, হাবিবুর রহমান চৌধুরী, হোসনে আরা তাহের, মজিবুর রহমান, মোহাম্মদ আলী, মাহবুবে খোদা রুমি, নজরুল ইসলাম, ড. ফেরদৌস খান, আলমগীর সরকার, জুয়েল চৌধুরী, আবদুল ওয়াহেদ, আবদুস শহিদ প্রমুখ। একযুগেরও বেশি সময় ধরে দ্য অপটিমিস্টস বাংলাদেশের দুঃস্থ্য ও দরিদ্র পরিবাদের শিশুদের ভবিষ্যত গড়ার কাজ করে আসছে। প্রবাসী বাংলাদেশিদের সহায়তা নিয়েই চলছে এই কর্মসূচি। কর্মসূচির বর্তমান গর্বিত প্রেসিডেন্ট ড. ফেরদৌস জানান, এবছর এসএসসি পরীক্ষায় অপটিমিস্টস-এর কর্মসূচির সহায়তা নেওয়া শিক্ষার্থীদের মধ্যে অন্তত ৫ জন জিপিএ-৫ পেয়েছে। তিনি বলেন, এ অর্জন নিউইয়র্ক প্রবাসি বাংলাদেশিদের সবার।
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে
- নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








