লাব্বায়েক জপতে জপতেই আরাফাতের ময়দানে মৃত্যু হলো তাদের
ইউএসএনিউজ ডেস্ক: মাথায় সাদা ইহরাম বাঁধা, মুখে ‘লাব্বায়েক, লাব্বায়েক, আল্লাহুম্মা লাব্বায়েক’ জপতে জপতেই আরাফাতের ময়দানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মিশরের সায়িদ খলিল। শুধু তিনিই নন, এ রকম আরও কয়েক জনের মৃত্যু ঘটে মুসলমানদের সবচেয়ে পবিত্র এই ভূমিতে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মক্কায় হজ করতে যাওয়ার সময় ধর্মপ্রাণ মুসলমানদের মনে মনে একটাই কামনা থাকে, ওই পবিত্র ভূমিতেই যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন। বিশেষত বৃদ্ধদের মনে এই কামনা থাকে সবচেয়ে বেশি। কিন্তু সবার এ আশা পূরণ হয় না। সৌভাগ্য ধরা দেয় অল্প ক’জনেরই হাতে। আরব নিউজ জানায়, গত বুধবার পর্যন্ত প্রায় ৫৬ জনের মৃত্যুর খবর জানা গেছে। কেউ মারা গেছেন হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে আর কেউ হজের সময়ই। তাদের এমন মৃত্যুতে ঈর্ষান্বিত হয়েছেন অন্য হাজিরা। তাদের মতে, এমন মৃত্যু সবারই কাম্য থাকে। কিন্তু যাদের ভাগ্যে জোটে, নিশ্চয়ই তাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছেন। নিজেদেরকে তাদের তখন বঞ্চিত মনে হয়। এমনটিই বলছিলেন সায়িদ খলিলের সঙ্গে হজ করতে যাওয়া আবদুল সাফি। আবদুল্লাহ আল রৌবির স্ত্রী মারা যান মিনায়। রৌবি বলেন, তার স্ত্রী সব সময়ই চাইতেন পবিত্র কাবা শরিফের পাশেই যেন তার মৃত্যু হয়। আল্লাহ তার মনোবাসনা পূরণ করেছেন। আলজেরিয়ার একজন হাজি জানান, তার সঙ্গে একই ফ্লাইটে হজ করতে যাওয়া একজনের মৃত্যু জেদ্দা হজ টার্মিনালেই হয়। তিনি বলেন, এটা কত বড় সৌভাগ্য যে আল্লাহর ঘরে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা। তিনি বলেন, ইহরাম বাঁধার পরে যাদের মৃত্যু হয়, তারা কেয়ামতের দিন ইহরাম পরে আল্লাহ আকবর জপতে জপতে হাজির হবেন। এমন মৃত্যুতে স্বজনরাও শোকাহত হন না; বরং ঈর্ষাবোধ করেন। কারণ, এমন মৃত্যুতো আল্লাহরই আশীর্বাদ। জেদ্দায় অবস্থিত মিশরীয় কনসাল জানান, বুধবার পর্যন্ত মিশরের ৪৫ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই বয়স্ক ও অসুস্থ ছিলেন। উচ্চ বা নিম্ন রক্তচাপের কারণেই মৃত্যু ঘটে অনেকের। তাদের মক্কায় জান্নাত আল মালা এবং মদিনার জান্নাত আল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। আলজেরিয়ার ৭ জনের মৃত্যু খবর জানা গেছে। ভারতীয়ও রয়েছেন কয়েক জন।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








